শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দরে উৎসবমুখর ও সম্প্রীতির আবহে পবিত্র শ্রীমদ্ভগবদ্গীতা বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সনাতন সংঘের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীদের মাঝে এই গীতা দান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ রবিবার (১৮ অক্টোবর) বন্দর রেলী লেদারাস্ সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ প্রাঙ্গণে এ উৎসবমুখর গীতা দান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব আবুল কাউসার আশা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল ধরে এখানে সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের ধর্মীয় উৎসব পালন করে আসছে। শারদীয় দুর্গোৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, এটি আজ সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। ধর্মীয় মূল্যবোধ ও গীতার বাণী মানুষকে সৎ ও মানবিক হতে উদ্বুদ্ধ করে।” বক্তব্য শেষে তিনি দুর্গোৎসবের সর্বাঙ্গীন সাফল্য ও সকলের কল্যাণ কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সনাতন সংঘের সভাপতি শ্রী সুমন লাল, সাধারণ সম্পাদক শ্রী অজিত দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন বিশ্বাস, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের স্থায়ী সদস্য শোভন কমল এবং বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন লাল বেগী।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বাংলাদেশ সনাতন সংঘের এই মানবিক ও ধর্মীয় উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। উক্ত গীতা দান অনুষ্ঠানে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থী উপস্থিত ছিলেন।