সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণকে আন্তরিক শারদীয় শুভেচ্ছা, অভিনন্দন ও প্রীতি জানিয়েছেন জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেন।
শনিবার (১৭ অক্টোবর) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির অন্যতম শীর্ষ নেতা জাকির খানের পক্ষে তিনি জেলাবাসীকে এই শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় হোসেন বলেন, “আবহমান কাল থেকেই বাংলাদেশে সকল ধর্মের মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে পরম সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছে। দুর্গাপূজা কেবল সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসবই নয়, এটি আমাদের পারস্পরিক সম্প্রীতি ও মেলবন্ধনের এক অনন্য প্রতীক।”
তিনি বলেন, “আমাদের প্রিয় নেতা, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব জাকির খান সবসময় অসাম্প্রদায়িক চেতনা ও রাজনৈতিক সহাবস্থানে বিশ্বাসী। জাকির খানের স্পষ্ট বার্তা হলো— নারায়ণগঞ্জের মাটিতে কোনো ধরনের ধর্মীয় বৈষম্য, অস্থিরতা কিংবা হিংসা-বিদ্বেষের স্থান নেই। প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা সুনিশ্চিত করা আমাদের নৈতিক ও দায়িত্বশীল রাজনৈতিক অঙ্গীকার। সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের এই উৎসব যেন আনন্দমুখর, শান্তিময়, উৎসবমুখর ও সম্পূর্ণ নিরাপদ পরিবেশে উদযাপিত হতে পারে, সেজন্য দলের নেতা-কর্মীসহ স্থানীয় জনগণকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন আমাদের নেতা জাকির খান।”