কাশীপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলাম লাভলুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মহানগর তাঁতীদলের সভাপতি এস এম মকবুল হোসেন।
মঙ্গলবার (০৬ অক্টোবর) সকালে গণমাধ্যমে এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় তিনি বলেন, “নুরুল ইসলাম লাভলুর আকস্মিক মৃত্যুতে আমি তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর শোক ও সহানুভূতি জ্ঞাপন করছি। ছাত্রজীবন থেকেই লাভলু রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নীতি ও আদর্শে গভীরভাবে বিশ্বাসী লাভলু সাবেক প্রধানমন্ত্রী ‘গণতন্ত্রের মাতা’ মরহুমা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারবিরোধী সকল গণতান্ত্রিক আন্দোলনে সাহসী ভূমিকা পালন করেছেন। মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি তিনি যেন তাকে জান্নাত নসিব এবং শোকার্ত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”
উল্লেখ্য, ৫ অক্টোবর (সোমবার) দুপুরে নুরুল ইসলাম লাভলু দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।