নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. মনির হোসেন খানের ৭০তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় শহরের দেওভোগস্থ মনির হোসেন খানের ব্যক্তিগত কার্যালয়ে মিলাদ, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মনির হোসেন খানের অনুসারী বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই বিশেষ দিনটি উদযাপনে উদ্যোগ গ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতেই মো. মনির হোসেন খানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া শেষে উপস্থিত নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সাথে নিয়ে জন্মদিনের কেক কাটেন তিনি। এ সময় কার্যালয় প্রাঙ্গণে এক উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
সন্ধ্যা থেকেই মনির হোসেন খানের ব্যক্তিগত কার্যালয়ে শুভেচ্ছা জানাতে ভিড় জমান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জন্মদিন উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও শহরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা এবং ১৪নং ওয়ার্ডের সর্বস্তরের সাধারণ মানুষ ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন তাকে।
নিজের জীবনের ৭০তম জন্মদিনে নেতাকর্মী, সহকর্মী ও ওয়ার্ডবাসীর এমন আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধায় অনেকটা আবেগে আপ্লুত হয়ে পড়েন বিএনপির প্রবীণ রাজনীতিবিদ মো. মনির হোসেন খান। উপস্থিত সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি এক বলেন, “আজ আমার জীবনের ৭০তম বসন্তে এসে আপনাদের যে অকৃত্রিম ভালোবাসা, সম্মান ও দোয়া পেলাম, তা আমাকে সত্যিই বাকরুদ্ধ ও আবেগাপ্লুত করেছে। জীবনের দীর্ঘ পথচলায় নানা চড়াই-উতরাই পেরিয়ে আজকের এই অবস্থানে আসতে পেরেছি শুধুমাত্র আপনাদের সহযোগিতা ও ভালোবাসার কারণে। রাজনীতিকে আমি কখনো ক্ষমতার সিঁড়ি হিসেবে দেখিনি, বরং মানুষের পাশে দাঁড়ানো ও সেবার মাধ্যম হিসেবে গ্রহণ করেছি। ১৪নং ওয়ার্ডের সাধারণ মানুষের সুখ-দুঃখ, অধিকার ও উন্নয়নের কথা ভেবেই আমি সবসময় কাজ করার চেষ্টা করেছি। আজকের এই দিনে আমার একটাই চাওয়া—আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন এবং বাকি জীবনটাও যেন আপনাদের পাশে থেকে, দলের আদর্শকে ধারণ করে মানুষের সেবায় বিলিয়ে দিতে পারি। আপনাদের এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না, শুধু দোয়া করবেন যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাদের ভালোবাসার মানুষ হয়ে থাকতে পারি।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হোসেন লিংকন খান, সদর থানা তাঁতী দলের সহ-সভাপতি আজিম বেপারী, মুকুল মিয়া, ১৬নং ওয়ার্ড বিএনপি নেতা জানে আলম, পিন্টু মল্লিক, জাহাঙ্গীর মজুমদার, মো. শরীফ, ভজন মন্ডল, বাদল সাহা, দিলীপ দে ও সঞ্জয় ঘোষ।
এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন ১৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. পারভেজ আলম, কৃষি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো. মিজানুর রহমান, ১৪নং ওয়ার্ড সচিব মো. জিসান এবং মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শাহ্ মোয়াজ্জেম হোসেন লিংরাজ খানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক।