শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

যেসকল অভিযোগে নাসিক প্রশাসককে চিঠি দিল যুবদল নেতা সেন্টু

সিটি নিউজ / ১১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসকের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণ, রাজনৈতিক বৈষম্য এবং রাজস্ব বৃদ্ধির সম্ভাবনাময় পাঁচটি উন্নয়ন ও বাণিজ্যিক প্রস্তাবনার ফাইল আটকে রাখার অভিযোগ তুলেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন সেন্টু।

সোমবার (১৬ নভেম্বর) নাসিক প্রশাসক বরাবর লিখিত আবেদনের মাধ্যমে তিনি পূর্বে দাখিল করা পাঁচটি প্রস্তাবনার বর্তমান অগ্রগতি এবং এ বিষয়ে নেওয়া সর্বশেষ সিদ্ধান্ত জানতে চেয়েছেন। আবেদনে সিটি কর্পোরেশনের প্রাপ্তি সিল ও স্বাক্ষর রয়েছে।

লিখিত আবেদনে জাকির হোসেন সেন্টু উল্লেখ করেন, সিটি কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন পরিত্যক্ত ও অব্যবহৃত জায়গা কাজে লাগিয়ে সরকারি রাজস্ব বৃদ্ধি এবং স্থানীয় ৫০ থেকে ৬০ জন কর্মহীন যুবকের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে তিনি বিভিন্ন সময়ে মোট পাঁচটি প্রস্তাবনা জমা দিয়েছেন। এসব প্রকল্প বাস্তবায়নের সম্পূর্ণ ব্যয় নিজেই বহন করবেন বলেও আবেদনে উল্লেখ করেন তিনি।

তার দাখিল করা পাঁচটি প্রস্তাবনার মধ্যে রয়েছে—সিটি পার্কে রাইড ও বোট স্থাপন, বিএনপির স্থায়ী কার্যালয়ের জন্য জায়গা বরাদ্দ, আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প বাস্তবায়নে অব্যবহৃত জায়গা বরাদ্দ, পার্ক লাউঞ্জ রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারের পেছনের খালি জায়গা ব্যবহার এবং মিন্নত আলী শাহ মাজারের দক্ষিণে নির্মাণাধীন অস্থায়ী একতলা ভবনের ছাদ বরাদ্দ।

আবেদনে তিনি দাবি করেন, সিটি পার্কে রাইড ও বোট স্থাপনের প্রস্তাবটি ২০২৫ সালের ২২ ডিসেম্বর তৎকালীন প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহর নির্দেশনায় চূড়ান্তভাবে জমা দেওয়া হয়েছিল। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশে সরেজমিন পরিদর্শন করে সার্ভেয়ার ইতিবাচক প্রতিবেদনও দেন। এ ছাড়া ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের ২১ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে বাকি প্রস্তাবনাগুলোও দাখিল করেন তিনি।

তবে পূর্বতন প্রশাসনের সময় ইতিবাচক প্রতিবেদন পাওয়া সত্ত্বেও বর্তমান প্রশাসনের সময়ে আবেদনগুলোর কার্যক্রম এগোচ্ছে না বলে অভিযোগ করেন এই যুবদল নেতা। এ বিষয়ে প্রশাসকের সঙ্গে তিনবার সাক্ষাৎ করতে গেলেও সন্তোষজনক কোনো উত্তর পাননি বলে আবেদনে উল্লেখ করেন।

প্রশাসকের আচরণের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে জাকির হোসেন সেন্টু লিখেছেন, সাক্ষাৎকালে প্রশাসক তাকে প্রশ্ন করেন, তিনি কোন বলয়ে বা কার পেছনে রাজনীতি করেন; সেখানে গিয়ে যেন নিজের প্রয়োজন মেটান। এমন মন্তব্যে তিনি চরমভাবে অসম্মানিত বোধ করেছেন বলে উল্লেখ করেন। তার ভাষ্য, একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার কাছ থেকে এ ধরনের রাজনৈতিক বৈষম্যমূলক ও তুচ্ছতাচ্ছিল্যপূর্ণ বক্তব্য অনাকাঙ্ক্ষিত।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আদর্শে তিনি বিএনপির রাজনীতি করেন। তবে রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো নাগরিকের আইনসংগত আবেদন আটকে রাখা উচিত নয় বলেও তিনি মনে করেন।

আবেদনের শেষাংশে জাকির হোসেন সেন্টু পাঁচটি প্রস্তাবনার বর্তমান অবস্থা, ফাইল আটকে থাকার কারণ এবং এ বিষয়ে গৃহীত সিদ্ধান্ত লিখিতভাবে জানানোর দাবি জানিয়েছেন। অন্যথায় তৃণমূল পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি ও ন্যায়বিচারের স্বার্থে বিষয়টি দলের শীর্ষ নেতৃত্ব এবং সরকারের উচ্চপর্যায়ের নজরে আনতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

দেওভোগ পাকা রোড এলাকার বাসিন্দা জাকির হোসেন সেন্টু তার আবেদনের মাধ্যমে বিষয়টির দ্রুত দাপ্তরিক নিষ্পত্তি প্রত্যাশা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই