নারায়ণগঞ্জের বন্দরে অবস্থিত ঐতিহ্যবাহী ‘শুভকরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়’-এর ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও তরুণ সমাজসেবক দেলোয়ার হোসেন শাহ্। বুধবার (১১ নভেম্বর) বিকেলে তিনি নিজেই গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। তার এই অর্জনে স্থানীয় এলাকাবাসী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আনন্দের জোয়ার বইছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক অনুযায়ী গঠিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির তালিকা-২০২৬-এ তাকে অভিভাবক সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মাসুদুজ্জামান মাসুম এবং সহ-সভাপতি হিসেবে রয়েছেন মফিজুল ইসলাম। এছাড়া বিদ্যালয়টির প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মনির হোসেন সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন।
দেলোয়ার হোসেন শাহ্ অভিভাবক সদস্য নির্বাচিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানান। অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, “দেলোয়ার হোসেন শাহ্ একজন তরুণ ও নিবেদিতপ্রাণ সমাজসেবক। এলাকার শিক্ষা ও উন্নয়নে তার দীর্ঘদিনের অবদান রয়েছে। শুভ শুভকরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় বিদ্যালয়টির অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মান বৃদ্ধিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন বলে আমরা আশাবাদী। আমরা তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।”
অভিভাবক সদস্য নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় দেলোয়ার হোসেন শাহ্ মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং তাকে যারা সমর্থন ও ভালোবাসা দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “শিশুদের সুশিক্ষা নিশ্চিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। শুভকরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আমি আমার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। এ ক্ষেত্রে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
স্থানীয় অভিভাবক ও শুভানুধ্যায়ীরা আশা প্রকাশ করেছেন, তার এই দায়িত্বগ্রহণ বিদ্যালয়টিকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করতে অগ্রণী ভূমিকা রাখবে।