বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

মাদ্রাসায় ভয়াবহ আগুন: অগ্নিনিরাপত্তা নিয়ে প্রশ্ন, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

সিটি নিউজ / ১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লার ভূঁইগড় শান্তিধারা এলাকার জামিআ আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা এই আগুনে তীব্র ধোঁয়া ও তাপে অসুস্থ হয়ে পড়া ৮৮ জন ছাত্রকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৩৫ জন চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

‎মাদ্রাসার নায়েমে মোহতামিম (ভাইস প্রিন্সিপাল) আতিকুর রহমান ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন লাগা কক্ষটি মূলত লাইব্রেরি হিসেবে ব্যবহৃত হতো, যার একটি অংশে ইসলামী আইন বিভাগের ১২ জন ছাত্র ও এক শিক্ষক থাকতেন। মঙ্গলবার রাত আনুমানিক দেড়টার দিকে ওই শিক্ষক অদ্ভুত শব্দ পেয়ে লাইব্রেরি রুমে গিয়ে আগুন দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি ঘুমন্ত ছাত্রদের ডেকে তুলেন এবং নিরাপত্তা রক্ষীকে (সিকিউরিটি গার্ড) জানিয়ে ভবনজুড়ে সতর্কতা জারি করেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, কক্ষটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) ছিল এবং ভেতরে কাঠ ও বোর্ড দিয়ে ইন্টেরিয়র কাজ করা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রাথমিক ধারণা অনুযায়ী, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত।

খবর পেয়ে কাঁচপুর মডেল ফায়ার স্টেশনের কর্মীরা রাত ১টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান এবং ১০ মিনিটের মধ্যে অগ্নিনির্বাপণ শুরু করে আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। ভোর পৌনে চারটার দিকে আগুন পুরোপুরি নেভে। ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, মাদ্রাসায় অগ্নিনিরোধক ব্যবস্থা না থাকলেও পাশেই পানির স্টোরেজ থাকায় বড় বিপর্যয় থেকে রক্ষা পাওয়া গেছে। পাশের ছয়তলা ও সাততলা ভবনগুলোতে আগুন ছড়ানোর আগেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

আগুনে সরাসরি কেউ দগ্ধ না হলেও তাপ ও তীব্র ধোঁয়ায় অসুস্থ ৮৮ জনের মধ্যে বর্তমানে ৩৫ জন হাসপাতালে ভর্তি আছেন। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, ভর্তি চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের আইসিইউতে রাখা হয়েছে এবং এর মধ্যে একজনকে মেকানিক্যাল ভেন্টিলেটরে রাখা হয়েছে।

১৯৯৮ সালে প্রতিষ্ঠিত এ মাদ্রাসায় বর্তমানে প্রায় ১৩০০ ছাত্র পড়াশোনা করে। এত বড় প্রতিষ্ঠানে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা না থাকা প্রসঙ্গে নায়েমে মোহতামিম আতিকুর রহমান জানান, আগে কখনো এমন অভিজ্ঞতা না থাকায় বিষয়টিতে নজর দেওয়া হয়নি, তবে এখন দ্রুত অগ্নিনিরাপত্তা জোরদার করা হবে।

ঘটনার তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসককে (শিক্ষা ও আইসিটি) প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি পুলিশের সিআইডি ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই