সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল। তার দাবি, একটি পারিবারিক অনুষ্ঠানের ভিডিও এডিট ও কার্টসিট (ছেঁটে ফেলা) করে যুবলীগ নেতা আজমেরী ওসমানের সঙ্গে তার ভিডিও কলে কথোপকথনের মিথ্যা প্রোপাগান্ডা চালানো হচ্ছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের কিল্লারপুল এলাকায় মহানগর যুবদলের কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলে ধরে সজল জানান, গত ২২ অক্টোবর তার সহধর্মিণীর বড় বোনের ছেলের শরা-কাবিন (বিয়ে) অনুষ্ঠানে পরিবারের সদস্যদের সঙ্গে তিনি উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে তার সহধর্মিণীর বড় বোনের স্বামী আক্তার নূরও উপস্থিত ছিলেন। রাজনৈতিকভাবে আক্তার নূর আজমেরী ওসমানের সঙ্গে সম্পৃক্ত থাকলেও তার সঙ্গে আক্তার নূরের সম্পর্ক সম্পূর্ণ পারিবারিক।
ঘটনার বর্ণনা দিয়ে সজল বলেন, “অনুষ্ঠানের সময় আক্তার নূর অতিথিদের ভিডিও ধারণ করছিলেন এবং বিভিন্ন ব্যক্তির সঙ্গে মোবাইল ফোনে ভিডিও কলে কথা বলছিলেন। একপর্যায়ে তিনি আজমেরী ওসমানকে অনুষ্ঠানের ভিডিও দেখাচ্ছিলেন। সে সময় আমি পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খাচ্ছিলাম এবং আক্তার নূর কার সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন, তা আমি জানতাম না।”
তিনি আরও বলেন, পরবর্তীতে ওই ভিডিওর একটি অংশ সুকৌশলে কেটে ‘যুবলীগ নেতা আজমেরী ওসমানের সঙ্গে মহানগর যুবদলের নেতার ভিডিও কলে কথোপকথন’—এমন ভুয়া শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
সাংবাদিকদের উদ্দেশে সজল বলেন, “আপনারা ভিডিওটি বিশ্লেষণ করলেই বুঝতে পারবেন সেখানে আমার ভূমিকা কী ছিল। আক্তার নূর কার সঙ্গে কথা বলছিলেন, সে বিষয়ে আমি অবগত ছিলাম না। আমি তখন খাবার খাচ্ছিলাম। ভিডিওতে আমি সরাসরি তার সঙ্গে কথা বলছি—এমন কোনো প্রমাণ বা দৃশ্য নেই। অথচ ভিডিওটি এডিট করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
নিজের রাজনৈতিক পরিচয়ের কথা উল্লেখ করে মহানগর যুবদলের এই শীর্ষ নেতা বলেন, তিনি ছাত্রজীবন থেকেই শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী এবং বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। ১৯৯৩ সালে ১১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন। এরপর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে বর্তমানে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।
তিনি বলেন, “গত সাড়ে ১৫ বছর ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রাজপথে সক্রিয় ছিলাম। এই দীর্ঘ সময়ে অসংখ্য হামলা-মামলা, জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছি। কিন্তু কোনো পরিস্থিতিতেই বিএনপির আদর্শ থেকে বিচ্যুত হইনি।”
ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে নিজের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে উল্লেখ করে সজল বলেন, একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিকভাবে তাকে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের অপপ্রচারে নেমেছে। এর মাধ্যমে তার ব্যক্তিগত ভাবমূর্তি এবং বিএনপি ও জাতীয়তাবাদী যুবদলের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।
সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে তিনি দৃঢ় কন্ঠে বলেন, “মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে আমার এবং জাতীয়তাবাদী যুবদলের সুনাম নষ্ট করা যাবে না, ইনশাআল্লাহ।”