শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মহাসপ্তমীর দিনে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং যুব ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
রবিবার (১৮ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু করে রাত পর্যন্ত ঐক্য পরিষদের নেতৃবৃন্দ আড়াইহাজার উপজেলার ৩২টি পূজামণ্ডপ ঘুরে দেখেন।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং পূজার সার্বিক প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে তারা পূজা কমিটির নেতৃবৃন্দ ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, মন্দির ও পূজা কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করা হয়।
নেতৃবৃন্দ শারদীয় দুর্গোৎসব সুন্দর, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা কমিটি এবং সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন। একই সাথে তারা সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে সবাইকে মিলেমিশে উৎসব উদযাপনের আহ্বান জানান।
আড়াইহাজার ঐক্য পরিষদের সভাপতি, নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক হারাধন চন্দ্র দে, সাধারণ সম্পাদক দুলাল রায় এবং সাংগঠনিক সম্পাদক সুকান্ত ভৌমিক অটলের নেতৃত্বে এ পরিদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় পরিদর্শন দলে নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস, আড়াইহাজার উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব ভৌমিক, নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্পাদকমণ্ডলীর সদস্য বিপ্লব বাড়ৈ, ভবন বর্মন, সুজিত ভৌমিক ও রঞ্জিত দাস, বন্দর উপজেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুজন দাস, আড়াইহাজার পৌর কমিটির সভাপতি নিত্যানন্দ সেন এবং নারায়ণগঞ্জ মহানগর যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রিপন কর্মকার উপস্থিত ছিলেন।
এছাড়া বন্দর ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক তুলশী ঘোষ, স্থানীয় নেতা শীতল ভৌমিক, লক্ষ্মণ ভৌমিক, হৃতম দাসসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন।