নারায়ণগঞ্জের আড়াইহাজারে নারীকে প্রলোভন হিসেবে ব্যবহার করে ‘হানি ট্র্যাপ’-এর মাধ্যমে অপহরণ, মারধর ও বিকাশ-নগদের মাধ্যমে মুক্তিপণ আদায়কারী এক সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় গত বৃহস্পতিবার রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের শীলমান্দি গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শীলমান্দি গ্রামের মো. শ্যামল ভূঁইয়া, সুমন ও ইউসুফ।
মামলার এজাহার অনুযায়ী, গত ২৭ জুলাই বাগেরহাটের ফকিরহাট থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে নিখোঁজ হন এক ব্যবসায়ী। পরবর্তীতে তিনি নিজেকে আড়াইহাজারের শীলমান্দি গ্রামের একটি প্রাচীরঘেরা টিনশেড ঘরে বন্দী অবস্থায় পান। সেখানে তাঁকে শ্বাসরোধে হত্যার চেষ্টা ও মারধর করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। জিম্মি অবস্থায় ভয়ভীতি দেখিয়ে ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে বিকাশ ও নগদের মাধ্যমে ৭০ হাজার টাকা আদায় করে অপহরণকারীরা। এছাড়া তাঁর কাছে থাকা নগদ ২৭ হাজার টাকা, দুটি মোবাইল ফোন, ব্যাংকের ডেবিট কার্ড, এক লাখ টাকার স্বাক্ষর করা চেক, স্বর্ণের আংটি ও হাতঘড়ি ছিনিয়ে নিয়ে তাঁকে এক নির্জন স্থানে ফেলে রেখে পালিয়ে যায় চক্রটি।
এ ঘটনায় আড়াইহাজার থানায় দণ্ডবিধির অপহরণ, হত্যাচেষ্টা, আঘাত ও চাঁদাবাজির ধারায় মামলা দায়ের করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা এসআই বজলুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্য, যারা নারীকে ব্যবহার করে ফাঁদ পেতে বিভিন্ন এলাকার মানুষকে নির্জন স্থানে এনে নির্যাতন চালাত। আসামিদের আদালতে সোপর্দ করে জেলহাজতে রাখার পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপন কুমার জানান, চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং তদন্তের স্বার্থে অনেক তথ্য গোপন রাখা হচ্ছে।