নারায়ণগঞ্জের ফতুল্লা বিসিক শিল্পনগরী এলাকায় ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ ও তার বাহিনীর মহড়া এবং আধিপত্য বিস্তার অব্যাহত রয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়ভাবে ‘ঝুট রাসেল’ হিসেবে পরিচিত এই নেতা ও তার অনুসারীদের কর্মকাণ্ডে এলাকার কারখানা মালিক, শ্রমিক ও সাধারণ ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে রাসেল মাহমুদ দলবল নিয়ে বিসিক এলাকায় নিয়মিত মহড়া দিচ্ছেন। এর ফলে শিল্পাঞ্চলটির স্বাভাবিক কার্যক্রমে অস্থিরতা তৈরি হয়েছে। ভুক্তভোগী ও স্থানীয়দের ভাষ্যমতে, রাসেল মাহমুদ এবং তার অনুসারীদের বিরুদ্ধে মূলত গার্মেন্টসের ঝুট ব্যবসা দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে আরও জানা গেছে, রাসেল মাহমুদ পর্দার আড়ালে থেকে এই পুরো বাহিনী পরিচালনা করছেন। তার নির্দেশে ও নেতৃত্বে ২ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি সিরাজ, চাঁদনী হাউজিং এলাকার ঝুট নিয়ে মারামারির ঘটনায় আলোচিত খোকা, রাসেলের সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে পরিচিত হযরত, জুমন মোল্লা এবং বরিশাইল্লা আমানসহ একদল লোক ফকির গার্মেন্টসের কর্মকর্তাদের কাছে গিয়ে হুমকি-ধমকি দিয়ে এসেছে। তাদের দাবি অনুযায়ী ঝুট না দিলে বড় ধরনের ক্ষতি করার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এদিকে গার্মেন্টস মালিক ও স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও মহড়ার কারণে বিসিক শিল্পাঞ্চলের সার্বিক পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। শিল্প এলাকার সুষ্ঠু পরিবেশ রক্ষায় তারা অবিলম্বে দলীয়ভাবে রাসেল মাহমুদ ও তার সহযোগীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক এবং প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।