জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্য সেলিনা বেগমকে স্বাবলম্বী করে তুলতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন। আর্থিক অসচ্ছলতা কাটিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরিতে তার হাতে একটি ইলেকট্রনিক সেলাই মেশিন তুলে দেওয়া হয়েছে।
আজ সোমবার (১০ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক আনুষ্ঠানিকতায় তার হাতে এই উপহার তুলে দেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন।
উপকারভোগী সেলিনা বেগম নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার সানারপার ডাকঘর এলাকার নিমাইগাশারী গ্রামের (৩ নং ওয়ার্ড) বাসিন্দা। তার পিতা মৃত মজিবর রহমান এবং মাতা হাসি বেগম। তার গেজেট নম্বর ৫০৬ এমএইচ ২৫৮২। সম্প্রতি তিনি সংসারের চরম আর্থিক কষ্টের কথা জানিয়ে এবং সেলাই কাজের মাধ্যমে নিজের ও পরিবারের জীবিকা নির্বাহের উদ্দেশ্যে একটি ইলেকট্রিক সেলাই মেশিনের আর্জি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি আবেদন জমা দেন।
সেই আবেদনের পরিপ্রেক্ষিতে দ্রুততম সময়ে এই সহায়তার উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। সেলাই মেশিন হস্তান্তরের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, জুলাই শহিদ পরিবারগুলোর পাশে সরকার সবসময় আছে এবং থাকবে। সেলিনা বেগমের মতো যারা নিজেদের প্রচেষ্টায় আত্মনির্ভরশীল হতে চান, তাদেরকে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের মাধ্যমে সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য। এই সেলাই মেশিনের মাধ্যমে তিনি স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উপজেলা প্রশাসনের কাছ থেকে এমন সময়োপযোগী সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সেলিনা বেগম। প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, এখন থেকে এই মেশিন দিয়ে সেলাইয়ের কাজ করে তিনি নিজের ও পরিবারের প্রয়োজনীয় খরচ চালাতে পারবেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই আন্দোলনের শহিদ ও আহত পরিবারগুলোর সঠিক পুনর্বাসন এবং তাদের আর্থিক স্বাবলম্বিতা অর্জনে ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।