নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং জেলার সামগ্রিক স্বার্থ রক্ষায় দল-মতের ঊর্ধ্বে উঠে একসঙ্গে কাজ করার ঐতিহাসিক প্রত্যয় ব্যক্ত করেছেন জেলার পাঁচ সংসদ সদস্য। নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে জেলা চেম্বার ভবনে আয়োজিত এক ভাবগম্ভীর মতবিনিময় সভায় ব্যবসায়ী নেতাদের সম্মুখে তারা জেলার সমস্যা সমাধান ও নতুন সম্ভাবনা উন্মোচনে এই অঙ্গীকার জানান। সভায় শিল্প ও বাণিজ্য খাতের অগ্রগতি, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, কর ও রাজস্বসংক্রান্ত নানা জটিলতা দূর করা, শিল্পের সাথে চেম্বারের সমন্বয়সাধন এবং জেলার অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠানের সভাপতি ও নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু তাঁর বক্তব্যে বলেন, দেশের মূল অর্থনীতিতে নারায়ণগঞ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। জেলাকে আরও সুন্দর ও ব্যবসাবান্ধব হিসেবে গড়ে তুলতে ব্যবসায়ী ও জনপ্রতিনিধিদের মধ্যে সার্বক্ষণিক সমন্বয় প্রয়োজন। নারায়ণগঞ্জের স্বার্থে এবং ব্যবসায়ীদের সুরক্ষায় সকল জনপ্রতিনিধি সম্পূর্ণ ঐক্যবদ্ধ রয়েছেন উল্লেখ করে তিনি জানান, শিল্পখাতের সক্ষমতা বাড়াতে ব্যবসায়ীদের দেওয়া যেেকোনো গঠনমূলক পরামর্শকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা হবে।
মতবিনিময় সভায় জেলার অন্য সংসদ সদস্যরাও সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ জেলার উন্নয়ন ও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে সহকর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করার কথা জানান। নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, ব্যবসায়ীদের সাথে নিয়ে সকল এলাকার সুষম উন্নয়ন এগিয়ে নিতে তারা পাঁচজন একসূত্রে কাজ করবেন। ফতুল্লার শিল্পকাজের নানা জট ও সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন জানান, প্রতিটি উন্নয়ন পরিকল্পনায় ব্যবসায়ীদের মতামত গুরুত্ব পাবে। নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য আবুল কালাম ব্যবসা ও শিল্পখাতের সহযোগিতায় নিজের সর্বাত্মক সমর্থন ব্যক্ত করে বলেন, যেকোনো গুরুত্বপূর্ণ জাতীয় ও স্থানীয় ইস্যুতে তারা পাঁচ প্রতিনিধি একযোগে নারায়ণগঞ্জবাসীর স্বার্থ রক্ষা করবেন।
সভায় উপস্থিত ব্যবসায়ী নেতারা শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা বিধান, কর আদায়ে যেকোনো ধরনের হয়রানি বন্ধ এবং ব্যবসায় অনুকূল পরিবেশ তৈরির ওপর জোরালো তাগিদ দেন। বিকেএমইএর সাবেক সভাপতি মাসুদুজ্জামান মাসুদসহ ব্যবসায়ী ও রাজনৈতিক অঙ্গনের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে আয়োজিত এই সভাটিকে নারায়ণগঞ্জের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং শিল্পখাতের ভবিষ্যৎ ইতিবাচক পরিবর্তনের সূচনা হিসেবে দেখছেন সকল মহল।