বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট কিংবা স্বৈরাচারের উত্থান জনগণ দেখতে চায় না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। তিনি বলেন, ‘বাংলাদেশ যতদিন থাকবে, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের ইতিহাস ততদিন অম্লান থাকবে। যখনই দেশে নতুন করে কোনো ফ্যাসিস্ট তৈরির চেষ্টা হবে, তখনই এই ৫ আগস্টের ইতিহাস সবাইকে সতর্ক করে দেবে।’
বৃহস্পতিবার (৬ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা বিএনপি আয়োজিত ‘জুলাই অভ্যুত্থানের দুই বছর পূর্তি’ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব।
আলোচনা সভায় মামুন মাহমুদ দেশে আর কোনো রক্তপাত কিংবা স্বৈরাচারী শাসন দেখতে চান না বলে স্পষ্টভাবে ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন, দেশের জনগণ গণতান্ত্রিক নির্বাচন পদ্ধতির মাধ্যমে আগামী ৫ বছরের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ওপর আস্থা রেখেছে এবং তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী মনোনীত করেছে। সুতরাং পরবর্তী পাঁচ বছর রাষ্ট্র পরিচালনায় কোনো ভুলত্রুটি হলে বিরোধী দল গঠনমূলক সমালোচনা করবে, এতে বিএনপির কোনো আপত্তি থাকবে না।
তবে আন্দোলনের নামে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টি করার তীব্র সমালোচনা করে তিনি বলেন, নারায়ণগঞ্জের তোলারাম কলেজসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অরাজকতা সৃষ্টি করা কোনো গঠনমূলক আন্দোলন হতে পারে না; এটি স্রেফ নৈরাজ্য। এ ধরনের নৈরাজ্য সৃষ্টি করে পরাজিত ফ্যাসিবাদী শক্তিকে পুনরায় সুযোগ করে দেওয়ার পথ তৈরি না করতে তিনি সবাইকে আহ্বান জানান।
উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান এমপি। এছাড়া অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।