নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) আওতাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আগামী দুই মাসের মধ্যে ৯ থেকে ১১ বছর বয়সী কন্যা শিশুদের ক্যানসার প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া হবে। পরবর্তীতে এই কর্মসূচির পরিধি বাড়িয়ে ১২ থেকে ৪৯ বছর বয়সী নারীদেরও পর্যায়ক্রমে এই টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। শুক্রবার বিকেলে হাজীগঞ্জ আইইটি স্কুল মাঠে সামাজিক সংগঠন ‘অগ্নিশিখা’ আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।
দেশে নারীদের মধ্যে স্তন ও জরায়ুমুখের ক্যানসারের উদ্বেগজনক প্রকোপের কথা উল্লেখ করে নাসিক প্রশাসক জানান, ইংল্যান্ড, জার্মানি ও ফ্রান্সের মতো উন্নত দেশগুলোতে সফলভাবে প্রয়োগ করা এই প্রতিরোধক ভ্যাকসিনটি বর্তমানে বাংলাদেশে এসেছে। তিনি আশ্বস্ত করেন যে এটি অত্যন্ত সাধারণ একটি ইনজেকশন, যাতে ভয় বা ব্যথার কোনো কারণ নেই। আগামী দুই মাসের মধ্যে প্রতিটি স্কুলে গিয়ে বিনামূল্যে এই টিকা প্রদান করা হবে এবং কেউ যদি শিক্ষাপ্রতিষ্ঠানে টিকা নিতে ব্যর্থ হয়, তবে সিটি করপোরেশন কার্যালয় থেকে সরাসরি তা গ্রহণ করতে পারবে।
পরিবার ও সমাজের সার্বিক কল্যাণে নারীদের স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, একজন মা পরিবার ও দেশের অন্যতম প্রধান চালিকাশক্তি। ক্যানসারের মতো মারাত্মক ব্যাধি কেবল একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবারকে আর্থিক ও মানসিকভাবে বিপর্যস্ত করে ফেলে। ফলে সঠিক সময়ে এই রোগ প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। সিটি করপোরেশন থেকে আরও একাধিক রোগের প্রচলিত টিকাও প্রদান করা হচ্ছে উল্লেখ করে অভিভাবকদের নিজ নিজ সন্তানদের নিয়মিত টিকা নিশ্চিত করার জন্য আহ্বান জানান তিনি।
সামাজিক সংগঠন অগ্নিশিখার উপদেষ্টা তারিকুল ইসলাম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে আইইটি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান গাজী, বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতনের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম এবং অগ্নিশিখার সভাপতি আসিফ রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।