কোনো পদে না থেকেও রাজপথে বিশাল শোডাউন করে রীতিমতো চমক দেখিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া। কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী, সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থক নিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে নগরবাসীর নজর কেড়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নগরীর ২নং রেলগেট এলাকায় অবস্থিত মহানগর বিএনপির সাবেক কার্যালয়ের সামনে থেকে এই বিশাল মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সহস্রাধিক নেতাকর্মীর আওয়ামী লীগ বিরোধী স্লোগানে গোটা নগরী প্রকম্পিত হয়ে ওঠে। শহর প্রদক্ষিণ শেষে মিছিলটি পুনরায় মহানগর বিএনপির সাবেক কার্যালয়ের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা জিয়াউর রহমান জিয়া বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলের তিনটি অঙ্গসংগঠন—যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল সকাল থেকেই রাজপথে অবস্থান নিয়েছে। জননেতা জাকির খানের নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় প্রতিটি নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করবে। এই দেশে আর কোনো সন্ত্রাসবাদ বা ফ্যাসিবাদের ঠাঁই হতে দেওয়া হবে না।”
সাম্প্রতিক সময়ে যানবাহনে অগ্নিসংযোগ ও জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, “শহরে কোনো ধরনের গুপ্ত হামলা, সাধারণ মানুষের জানমালের ক্ষতি কিংবা যানবাহনে আগুন দেওয়ার চেষ্টা করা হলে রাজপথেই তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”
নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে জিয়া আরও বলেন, “২৪-এর গণঅভ্যুত্থানে যাদের পতন হয়েছে এবং যারা দেশ ছেড়ে পালিয়েছে, তারা পুনরায় দেশে ফিরে বা মাঠে নেমে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করলে সাধারণ জনগণকে সাথে নিয়ে তাদের আইনের আওতায় এনে কঠোর বিচার নিশ্চিত করা হবে।”
বক্তব্যে তিনি আগামী পুরো ডিসেম্বর মাসজুড়ে রাজপথে সতর্ক অবস্থানে থাকার ঘোষণা দেন এবং আসন্ন ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে উদযাপনের প্রত্যয় ব্যক্ত করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের আদর্শ ধারণ করে তারা বর্তমানে অত্যন্ত ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করছেন উল্লেখ করে সাবেক এই ছাত্র ও স্বেচ্ছাসেবক দল নেতা জানান, জনগণের জানমাল রক্ষায় প্রয়োজনে যেকোনো কঠোর পদক্ষেপ নিতে তারা সর্বদা প্রস্তুত রয়েছেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা শাহীন আহমেদ, জনী দেওয়ান, সাজু দেওয়ান, মো. মোজাম্মেল, শামসুজ্জামান টনি, আনোয়ার গাজী, জাহিদ প্রধান, শুক্কুর আলী, মো. লিমন, বিল্লাল সরদার, ফয়সাল, জামান, রিপন, জেমস্, পরান, রুবেল, আল মামুন, মীম প্রধান ও শাওনসহ মহানগরীর বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট কমিটির বিপুলসংখ্যক নেতাকর্মী।