মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থী, তাঁদের অভিভাবক এবং শিক্ষকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি ও বিশিষ্ট বিএনপি নেতা জাকির খান।
সোমবার (১০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এই অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
বিজ্ঞপ্তিতে জাকির খান উল্লেখ করেন, সদ্য প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আমাদের তরুণ প্রজন্মের কঠোর পরিশ্রম ও মেধার স্বাক্ষর বহন করে। তিনি বলেন, “এবারের পরীক্ষায় সারাদেশে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। যারা সাফল্য অর্জন করেছে, তাদের এই পথচলা ভবিষ্যতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃতকার্য সকল শিক্ষার্থীকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন।”
উত্তীর্ণ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করার পাশাপাশি যারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেনি, তাদের প্রতিও গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেন এই ছাত্রনেতা।
হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে জাকির খান বিজ্ঞপ্তিতে আরও বলেন, “একটি পরীক্ষার ফলাফলই জীবন বা মেধার শেষ পরিমাপক নয়। যারা এবার প্রত্যাশা অনুযায়ী ফলাফল করতে পারোনি, তাদের ভেঙে পড়ার কোনো কারণ নেই। অধ্যবসায় ও আত্মবিশ্বাস বজায় রেখে ভুলগুলো শুধরে নিয়ে নতুন উদ্যমে চেষ্টা করলে আগামীতে আরও বড় সফলতা অর্জিত হবে। সফলতার কোনো সংক্ষিপ্ত পথ নেই, ধৈর্য ও ধারাবাহিক পরিশ্রমই জয়ের মূল চাবিকাঠি।”
শিক্ষার্থীদের আগামী দিনের দেশ গড়ার মূল কারিগর হিসেবে আখ্যায়িত করে তিনি আশা প্রকাশ করেন, তরুণ সমাজ নিজেদের যোগ্য ও নীতিবান নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করবে। একই সাথে শিক্ষার্থীদের এই কৃতিত্বপূর্ণ সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের ত্যাগ ও নিরলস প্রচেষ্টার প্রতিও তিনি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন।