সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী পোশাক শিল্প খাতের সকল হোসিয়ারী ব্যবসায়ী, শ্রমিক এবং সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের সম্ভাব্য পরিচালক পদপ্রার্থী জিয়াউর রহমান জিয়া।
বুধবার (১৪ অক্টোবর) সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ শুভেচ্ছা বার্তা ও অভিনন্দন জ্ঞাপন করেন।
শুভেচ্ছা বার্তায় জিয়াউর রহমান জিয়া বলেন, “ধর্ম যার যার, রাস্ট্র সবার। বাংলাদেশ আবহমান কাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের এক অনন্য রোল মডেল। শত শত বছর ধরে এই মাটিতে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান—সকল ধর্মের মানুষ ভাই ভাই হিসেবে একসাথে মিলেমিশে বসবাস করে আসছে এবং নিজ নিজ ধর্মীয় উৎসব পরম আনন্দে উদযাপন করে আসছে।”
তিনি বলেন, “নারায়ণগঞ্জ কেবল একটি ঐতিহাসিক শহরই নয়, এটি দেশের অন্যতম প্রধান বাণিজ্য ও শিল্পাঞ্চল। প্রাচ্যের ডান্ডি খ্যাত আমাদের এই নারায়ণগঞ্জের প্রাণ হলো হোসিয়ারী শিল্প। এই শিল্পের প্রসার ও ঐতিহ্য ধরে রাখতে আমাদের হোসিয়ারী খাতের মালিক, ব্যবসায়ী এবং সাধারণ শ্রমিক ভাইয়েরা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী বহু ব্যবসায়ী ও শ্রমিক ভাই এই খাতের প্রাণশক্তি হিসেবে অবদান রেখে চলেছেন। বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের একজন সম্ভাব্য পরিচালক পদপ্রার্থী হিসেবে আমি কথা দিচ্ছি—আগামী দিনে এই শিল্পের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থরক্ষা এবং সকলের পাশে থেকে একটি সুন্দর ও সমৃদ্ধ ব্যবসায়ীবান্ধব পরিবেশ গড়ে তুলতে আমি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ থাকবো।”
জিয়া আরও বলেন, “শারদীয় দুর্গোৎসব কেবল সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠানই নয়, এটি অন্যায় ও অশুভ শক্তির বিরুদ্ধে সত্য ও সুন্দরের বিজয়ের প্রতীক। এই উৎসব মানুষের মধ্যে পারস্পরিক হিংসা-বিদ্বেষ দূর করে ভালোবাসা, শান্তি ও বন্ধুত্বের মেলবন্ধন তৈরি করে। আমি আশা করি, এবারের শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জসহ পুরো দেশের মানুষের মাঝে শান্তি, সম্প্রীতি ও ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করবে। দুর্গাপূজার এই শুভক্ষণে সকলের জীবন সুখ, সমৃদ্ধি, অগ্রগতি ও আনন্দে ভরে উঠুক—এই প্রার্থনা করি।”
বিবৃতিতে তিনি পূজামণ্ডপগুলোতে সকলের নিরাপত্তা ও সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সামাজিক সম্প্রীতি অক্ষুণ্ন রেখে দলমত নির্বিশেষে সকলকে সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বানও জানান।