নারায়ণগঞ্জে অত্যন্ত আনন্দঘন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। এ উপলক্ষে গতকাল
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৩টার দিকে শহরের নিতাইগঞ্জ বলদেব জিউর বিগ্রহ মন্দির থেকে একটি বর্ণাঢ্য ও বিশাল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় অংশ নিতে দুপুরের পর থেকেই নিতাইগঞ্জ মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বী ভক্তদের ঢল নামে। ঢাক-ঢোল, কাঁসর ঘণ্টা ও শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
রথযাত্রার এই বর্ণিল উৎসবে উপস্থিত ছিলেন, সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ। তাঁদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জয়কে রায় চৌধুরী বাপ্পি, বাংলাদেশ শারদীয় ফোরামের সাধারণ সম্পাদক লিটন চন্দ্র পাল, প্রভাষ সাহা, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অভয় রয়, নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক ও বাংলাদেশ হিন্দু মহাজোট কেন্দ্রীয় এর যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন সাহা, সদস্য সচিব শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু, কোষাধ্যক্ষ মানিক দাস, জেলা হিন্দু মহাজোট এর সাধারণ সম্পাদক সৃতি পাল, নারায়ণগঞ্জ মহানগর জাগো হিন্দু পরিষদের মহানগর এর সাধারণ সম্পাদক জনি ভৌমিক, সম্মিলিত নারায়ণগঞ্জের সনাতনী সমাজের নেতা খোকন সাহা, আকাশ ঘোষ প্রমুখ।
উৎসবে গণমাধ্যমকে দেয়া এক বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব ও মহানগর মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু দেশের দীর্ঘদিনের ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বিশেষভাবে মনে করিয়ে দেন। তিনি বলেন, “সৃষ্টিকর্তা মহান। আমি এতটুক জানি যে, বাংলাদেশ আমাদের সম্প্রীতির বাংলাদেশ। জিয়াউর রহমানের বাংলাদেশ। শান্তির বাংলাদেশ। যেখানে শান্তি আছে বিধায় আজকে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে সম্মিলিত হয়ে যে সম্প্রীতির বাংলাদেশ, সেটি আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে রথযাত্রার মাধ্যমে আমরা বুঝিয়ে দিয়েছি।
এবং আমরা আজকের এই এত ভক্তবৃন্দ হয়েছে যে এটা ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি বাংলাদেশ পূজা উদযাপন পক্ষ থেকে আমি সবাইকে জগন্নাথ দেবের ইয়ের আমি সবাইকে আনন্দ শুভেচ্ছা জানাই। এবং সামনে যাতে আমরা সবাই সম্প্রীতির বাংলাদেশ হিসেবে, একটা জাতি হিসেবে আমরা কেউ সংখ্যালঘু কেউ ভাববেন না। আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান স্যার একটা কথাই বলেছেন, যে আমরা একটাই জাতি, আমরা বাঙালি জাতি। আমরা রাষ্ট্র সবার, ধর্ম যার যার রাষ্ট্র সবার।
তিনি বলেন, যে রাষ্ট্রের একটা নাগরিক হিসেবে আমরা প্রত্যেকটা মানুষ যাতে আরেকটা মানুষের পাশে দাঁড়াতে পারি, জগন্নাথ দেবের এইটাই আমাদের বারে বারে বুঝিয়ে দিয়েছেন যে আমরা যাতে সবার সাথে সম্মিলিতভাবে থাকতে পারি।
রথযাত্রায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মিঠু আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট আমাদের নিরাপত্তা দিয়েছেন, পাশাপাশি যারা সাধারণ সাধারণ জনগণ যারা ছিল, নগরবাসী ছিল, তারাও আমাদের মনে হচ্ছে যেন আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন। এবং আমাদের অনেক নিরাপত্তা দিয়েছেন। নগরবাসীকে আমরা ধন্যবাদ জানাই।