প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দেশবরেণ্য রাজনীতিবিদদের নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর কটূক্তির প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে বৈরী আবহাওয়া ও মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা এবং মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ এবং মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধানের নেতৃত্বে এ বিশাল মিছিল বের করা হয়।
প্রতিবাদ মিছিলটি শহরের মন্ডলপাড়া এলাকা থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল চলাকালে ক্ষুব্ধ নেতাকর্মীরা নাসির উদ্দিন পাটোয়ারী ও এনসিপির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে থাকেন, যার ফলে প্রকম্পিত হয়ে উঠে গোটা শহর। পরবর্তীতে মিছিলটি চাষাঢ়াস্থ নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে গিয়ে পৌঁছায় এবং সেখানে চলমান মহানগর বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করে।
মিছিলপূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এনসিপি নেতার বক্তব্যের তীব্র নিন্দা জানান যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ। তিনি হুংকার ছেড়ে বলেন,“আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমানসহ জাতীয় নেতাদের নিয়ে কোনো রকম বেয়াদবি নারায়ণগঞ্জের মাটিতে সহ্য করা হবে না! যারা লাইমলাইটে আসার জন্য দেশবরেণ্য নেতাদের নিয়ে কটূক্তি ও বিভ্রান্তি ছড়ানোর নোংরা খেলায় মেতেছেন, তাঁদের পরিণতি শুভ হবে না। রাজপথে কীভাবে জবাব দিতে হয় তা যুবদলের প্রতিটি কর্মী ভালোভাবেই জানে!”
উক্ত বিক্ষোভ মিছিলে মহানগর ও স্থানীয় যুবদলের শীর্ষপর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে যুবদল নেতা আতিকুর রহমান সবুজ, এম এ মান্নান সরকার, হাজী সাঈদ, শাহীন ঢালী, ইব্রাহিম খলিল ভূঁইয়া, মাহমুদুল হাসান মাসুম এবং সদর থানা যুবদল নেতা বাপ্পী শিকদার চিশতী সহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।