পুর্নবাসনের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে নারায়ণগঞ্জ নগরীর হকাররা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে টানা চতুর্থদিনের মত মাঠে নামেন তারা। এদিন তারা নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। পরে সেখান থেকে পুর্নবাসনের দাবিতে তারা নগরীতে এক বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে মহানগর হকার্ দলের সভাপতি কেএম মিজানুর রহমান রনি বলেন, “আমরা কারও বিরুদ্ধে যাচ্ছি না। আমরা একটি সমাধান চাচ্ছ। আমাদের রুটি-রুজির জন্য মাঠে নেমেছি। আমরা খেটে খাওয়া মানুষ। আপনাদের কাছে অনুরোধ আমাদের জন্য কিছু করেন। আমরা আপনাদের সহযোগিতা চাই। সরকার আসবে সরকার যাবে তবে রাজপথে হকার থাকবে।”
মিছিলে মহানগর হকার দলের সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম পাটোয়ারী, সহসভাপতি মো. আলাউদ্দিন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, হকার মনিরুজ্জামান, আজাদ ও শাহজাহানসহ শত শত হকাররা অংশগ্রহণ করেন।