সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে অসাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) নারায়ণগঞ্জ নগরীতে রথযাত্রা উৎসব চলাকালীন পুণ্যার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে থেকে সক্রিয় ভূমিকা পালন করেছেন ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদ-প্রার্থী হাজী মনির হোসেন।
এ সময় তার সঙ্গে নিরাপত্তা তদারকিতে যুক্ত ছিলেন ১৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: হারুন অর রশীদ রানা।
স্থানীয় সূত্রে জানা যায়, রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং পুণ্যার্থীরা যাতে নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন, সেজন্য বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে দিনভর মাঠে নিয়োজিত ছিলেন তারা। রথযাত্রার শোভাযাত্রার রুটগুলোতে ভক্তদের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং শৃঙ্খলা বজায় রাখতে তারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন।
উৎসবে আসা পুণ্যার্থী ও স্থানীয় বাসিন্দারা বিএনপির নেতাকর্মীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা বলেন, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক নিরাপত্তার এমন দৃষ্টান্ত সত্যিই প্রশংসনীয়।
এ বিষয়ে কাউন্সিলর পদ-প্রার্থী হাজী মনির হোসেন বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে দল-মত ও ধর্ম নির্বিশেষে সকলের সমান অধিকার রয়েছে। সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনেরা যাতে উৎসবের আনন্দ সুন্দরভাবে উপভোগ করতে পারেন, তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা সবসময় সাধারণ মানুষের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো।”
সাধারণ সম্পাদক হারুন অর রশীদ রানা বলেন, “নেতাকর্মীদের নিয়ে আমরা মাঠে ছিলাম যাতে পুণ্যার্থীরা নিজেদের নিরাপদ বোধ করেন। আমরা একটি বৈষম্যহীন ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠনে বদ্ধপরিকর।”
বৃহস্পতিবারের এই রথযাত্রায় রাজনৈতিক নেতাকর্মীদের এমন দায়িত্বশীল ভূমিকা স্থানীয় এলাকায় সম্প্রীতির এক নতুন বার্তা ছড়ালো বলে মনে করছেন সচেতন মহল।