পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও ধর্মীয় পরিবেশের মধ্য দিয়ে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বাদ জোহর নগর ভবন প্রাঙ্গণে এই মাহফিলের আয়োজন করা হয়।
আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
মাহফিলে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর আদর্শ ও জীবনের ওপর আলোকপাত করে বিশেষ আলোচনা করা হয়। বক্তারা মানবজাতির হেদায়েত ও কল্যাণে মহানবী (সাঃ)-এর সুন্নাহ অনুসরণের আহ্বান জানান। আলোচনা পর্ব শেষে সমগ্র মানবজাতির শান্তি, সমৃদ্ধি এবং নারায়ণগঞ্জ নগরবাসীর সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীসহ নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।