ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচার দ্রুত কার্যকর করার দাবিতে শ্রমিক সমাবেশ করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, নারায়ণগঞ্জ মহানগরী।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকালে নগরীর চাষাঢ়া হকার্স মার্কেটের সামনে মহানগর শ্রমিক কল্যাণ কার্যালয় সংলগ্ন সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আলিমুজ্জামান খান। পরে ঐতিহ্য সাংস্কৃতিক সংসদের শিল্পীরা ইসলামী সংগীত পরিবেশন করেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার দাবি করেন, ২০২৪ সালের ৪ আগস্ট ছিল অনিশ্চয়তার একটি দিন। তিনি বলেন, জনগণের ওপর কোনো ধরনের দমন-পীড়ন চালিয়ে তাদের অধিকার আদায়ের আন্দোলন দমন করা সম্ভব নয়।
তিনি গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই আন্দোলনে নিহতদের বিচার এবং দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের আহ্বান জানান। পাশাপাশি তিনি কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ওপর হামলার অভিযোগও উত্থাপন করেন।
সমাবেশের প্রধান বক্তা বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি কবির আহমদ বলেন, জুলাই সনদ বাস্তবায়ন এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা সময়ের দাবি। তিনি দাবি করেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান দমনে তৎকালীন সরকার সর্বোচ্চ চেষ্টা করলেও সফল হয়নি। তিনি জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের আহ্বান জানান এবং জুলাই আন্দোলনের কর্মীদের ওপর হামলার অভিযোগও করেন।
সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি আব্দুল মোমিন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর অতিক্রম হলেও জনগণের প্রত্যাশার পূর্ণ বাস্তবায়ন হয়নি। তিনি বলেন, মানুষের ভাগ্যের পরিবর্তনের লক্ষ্যে সংঘটিত আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং গণভোটের গণরায় কার্যকর করার মাধ্যমে শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নের প্রত্যাশা রয়েছে।
সমাবেশ পরিচালনা করেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি সোলাইমান মুন্না। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর নায়েবে আমির মাওলানা আব্দুল কাইয়ুম, মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, মহানগর দপ্তর সম্পাদক মুক্তিযোদ্ধা আবুল কালাম শিকদার, প্রকাশনা সম্পাদক ও পূর্ব থানা সভাপতি শহীদুল ইসলাম, মহানগর সহ-সভাপতি মুন্সি আব্দুল্লাহ মাহমুদ ফয়সাল, নারায়ণগঞ্জ শিবির সভাপতি অমিত হাসানসহ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।