ঐতিহাসিক ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ছাত্র-জনতার রক্তক্ষয়ী বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: মনির হোসেন খান। মঙ্গলবার (৪ আগস্ট) এক সংবাদ বিবৃতিতে তিনি এই শ্রদ্ধা জানান এবং আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
বিবৃতিতে মনির হোসেন খান বলেন, “৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কমুক্ত নতুন অধ্যায়ের সূচনা। দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদী ও স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে আমাদের অকুতোভয় ছাত্র-জনতা। বুক পেতে দেওয়া সেই সব বীর শহীদদের রক্তে আজ আমরা স্বাধীন ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশে নিঃশ্বাস নিতে পারছি। আবু সাঈদ, মুগ্ধসহ শত শত শহীদের এই মহান আত্মত্যাগ যুগ যুগ ধরে প্রতিটি মুক্তিকামী মানুষের প্রেরণা হয়ে থাকবে।”
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তি আজ ঐক্যবদ্ধ। ছাত্র-জনতা যে বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে রাজপথে জীবন দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নই আমাদের মূল লক্ষ্য। শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। পরাজিত শক্তির যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় আমাদের সজাগ থাকতে হবে।”
নারায়ণগঞ্জের প্রেক্ষাপট স্মরণ করে এই বিএনপি নেতা বলেন, “বিপ্লবের এই মহালগ্নে নারায়ণগঞ্জের সাহসী মানুষ ও ছাত্রসমাজ রাজপথে অবিস্মরণীয় ভূমিকা পালন করেছে। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান। আমরা তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং সবসময় তাদের পাশে থাকার অঙ্গীকার করছি।”
সবশেষে তিনি মহান আল্লাহর দরবারে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।