নারায়ণগঞ্জ সদর থানা যুবদল নেতা বাপ্পী শিকদার চিশতি বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য কেবল বাংলাদেশ নয়, বিশ্বের অনেক দেশেই দোয়া করা হয়। তাঁর জীবনদ্দশায় করা মহৎ কর্মের কারণেই সাধারণ মানুষের মন থেকে স্বতঃস্ফূর্তভাবে তাঁর প্রতি ভালোবাসা ও দোয়া চলে আসে। দীর্ঘ ১৭ বছর বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বেগম খালেদা জিয়া যদি আপসহীন ভূমিকা না রাখতেন, তবে এই জুলাই গণঅভ্যুত্থান সম্ভব হতো না। তাঁর অটল সংগ্রাম ও আন্দোলনের ধারাবাহিকতার ফলেই ২৪-এর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি হয়েছে।
শনিবার বিকেলে শহরের পুরাতন জিমখানা এলাকায় মহানগর তারেক জিয়া পরিষদের উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
একটি বিশেষ রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে বাপ্পী শিকদার বলেন, একটি দল শুরুতে কেবল নিজেদের চাকরির দাবিতে আন্দোলন শুরু করেছিল। তবে দেশের স্বার্থে ও ফ্যাসিস্টদের বিতাড়িত করতে পুরো বাংলাদেশ সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। কেবল ফ্যাসিস্ট গোষ্ঠীটি বাদে দেশের সর্বস্তরের জনগণই ছিল জুলাই যোদ্ধা। কিন্তু বর্তমানে কতিপয় ব্যক্তি নিজেদের একক জুলাই যোদ্ধা দাবি করে সব কৃতিত্ব একাই কুক্ষিগত করতে চাইছে। তারা ভুল ধারণার মধ্যে বাস করছে এবং মনে করছে যে আবার ডাক দিলেই ২৪-এর মতো জনস্রোত নামবে। অথচ চব্বিশ আর ছাব্বিশের রাজনৈতিক বাস্তবতা এক নয়।
তিনি স্পষ্ট করে বলেন, ২০২৪ সালে দেশের সাধারণ মানুষ ফ্যাসিস্ট সরকারকে হঠাতে রাজপথে নেমেছিল। কিন্তু বর্তমান সরকার গণতান্ত্রিক ও জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত একটি সরকার। এরা কোনো অন্যায়ের প্রতিনিধিত্ব করে না যে তাদের বিরুদ্ধে সাধারণ মানুষ আবারও আন্দোলন গড়ে তুলে দেশকে পিছিয়ে দেবে। তিনি অভিযুক্ত নেতাদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেন, নিজেদের সুবিধার জন্য যারা নতুন দল তৈরি করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন, অথচ প্রকৃত অসুস্থ জুলাই যোদ্ধাদের খোঁজখবর পর্যন্ত নেন না, তাদের এখনও শুধরে যাওয়া উচিত। নিজেদের মনমানসিকতা পরিবর্তন না করলে তাদের পরিণতি সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগের চেয়েও ভয়াবহ হতে পারে, কারণ তারা মূলত নতুন করে ফ্যাসিবাদকে উসকে দিচ্ছেন।
বক্তব্যে তিনি স্থানীয় রাজনীতির চিত্র তুলে ধরে অভিযোগ করেন, নারায়ণগঞ্জে এনসিপির অভ্যন্তরে ওসমানের অনুসারী এবং সাবেক ছাত্রলীগের ক্যাডারদের ভিড় জমেছে, যা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে স্পষ্ট বোঝা যায়। আওয়ামী লীগকে নতুন করে পুনর্বাসন করার যেকোনো চক্রান্ত বাংলার জনগণ ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কখনই সফল হতে দেবেন না।
জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক নাসিরুদ্দীন পাটোয়ারীর সমালোচনা করে যুবদল নেতা বাপ্পী বলেন, তাঁর বক্তব্য শুনলে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী হাছান মাহমুদের কথা মনে পড়ে যায়। তিনি মুখে যা আসে তা-ই বলেন, তাঁর কথার কোনো গ্রহণযোগ্যতা বা শালীনতা নেই। রাজনীতিকে নোংরা করার অপচেষ্টায় লিপ্ত এমন ব্যক্তির জন্য দেশের প্রতিটি জেলার দরজা বন্ধ থাকা উচিত বলেও তিনি মন্তব্য করেন।
মহানগর তারেক জিয়া পরিষদের আহ্বায়ক হাজী রাশেদ আহমেদ টিটুর সভাপতিত্বে ও সদস্য সচিব মো: আনোয়ার হোসেনের সঞ্চালনায় উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো: সাব্বির আহমেদ শহিদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শিশির খান, নারায়ণগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর ব্যাপারী, মো: হান্নান, পায়েলে হোসেন ও তফর রহমানসহ সজীব রায়, রুবেল চৌধুরী, আমিনুল ইসলাম শাহীন, মো: মানিক, মহসিন এবং সেলিম হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।