নারায়ণগঞ্জ সদর থানা যুবদল নেতা ও সাংগঠনিক সম্পাদক শিকদার বাপ্পী চিশতী দাবি করেছেন, তাদের রাজনৈতিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে ও বদনাম ছড়াতে একটি মহল সংবাদমাধ্যম ও পত্রপত্রিকায় মিথ্যা তকমা দিচ্ছে। সাম্প্রতিক পুলিশ হত্যা ও মাদক সংশ্লিষ্ট বিষয়ে তাদের জড়িয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন তিনি।
বক্তব্যে শিকদার বাপ্পী চিশতী জানান, তিনি প্রায় ১৫ বছর ধরে নারায়ণগঞ্জ মহানগর রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। একসময় মাকসুদুল আলম খন্দকার খোরশেদের সঙ্গে এবং বর্তমানে কে এম মাজারুল ইসলাম জোসেফের সঙ্গে যুবদলের রাজনীতি করছেন। ফ্যাসিস্ট সরকারের আমল থেকেই যুবদলের ব্যানারে রাজপথে ভূমিকা রেখেছেন উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক পরিসর বড় হওয়ার সঙ্গে সঙ্গে একটি মহল তাদের বিরুদ্ধে বদনাম ছড়াতে সক্রিয় হয়ে ওঠে।
সাম্প্রতিক সময়ে পত্রপত্রিকায় ‘শহীদ বাপ্পী গ্রুপ’ বা ‘বাপ্পী বাহিনী’ বলে যে তকমা দেওয়া হচ্ছে, তার প্রতিবাদ জানান তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, প্রায় তিন থেকে পাঁচ মাস আগে নারায়ণগঞ্জের বিসিক বা ট্রাকস্ট্যান্ড এলাকায় শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনাকে উপেক্ষা করে সংগঠনের সভাপতি হাসান আহমেদ, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সুইট এবং তাকে জড়িয়ে নানা কথা ছড়ানো হয়। তিনি দাবি করেন, সে সময় শ্রমিকদের দ্বন্দ্ব নিয়ে সাংগঠনিক অবস্থান স্পষ্ট করেছিলেন এবং কোনো শ্রমিক অপরাধ বা ঝগড়ায় জড়ালে তার দায় সংগঠন নেবে না—এমন অবস্থান জানিয়েছিলেন। মাদকবিরোধী মিছিলও করেছিলেন বলে দাবি করেন তিনি।
সাম্প্রতিক পুলিশ হত্যার ঘটনা প্রসঙ্গে শিকদার বাপ্পী চিশতী বলেন, হাশেমবাগ এলাকায় সংঘটিত ওই হত্যাকাণ্ডের মূল আসামিদের ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে বলে গণমাধ্যমের খবরে জেনেছেন। ওই ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। তার ভাষ্য অনুযায়ী, হাশেমবাগ এলাকায় তাদের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড বা নিয়মিত যাতায়াত নেই; প্রয়োজনে ওই সড়ক দিয়ে চলাচল করলেও কখনো সেখানে বসা বা কারও সঙ্গে যোগাযোগের নজির নেই। তাহলে কেন এবং কার ইন্ধনে তাদের নাম জড়ানো হচ্ছে, সে প্রশ্ন তোলেন তিনি।
বক্তব্যে তিনি অতিরিক্ত পুলিশ সুপারের বরাত দিয়ে উল্লেখ করেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পুলিশের কাছে রয়েছে এবং কারা জড়িত তা শনাক্ত করা সম্ভব হয়েছে। তাই সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। একই সঙ্গে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো কর্মকাণ্ড তারা করেন না এবং প্রশ্রয়ও দেন না বলে জানান।
মাদকের তকমা প্রসঙ্গেও তীব্র আপত্তি জানিয়ে তিনি জেলা পুলিশ সুপার, ফতুল্লা থানা ও নারায়ণগঞ্জ থানার ওসি এবং ডিবির ওসিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান। মাদকের সঙ্গে তার বা তাদের সামান্যতম সম্পৃক্ততা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি।
শেষে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে শিকদার বাপ্পী চিশতী বলেন, গণমাধ্যম জনগণের বন্ধু এবং সমাজকে আলোকিত করার শক্তি রাখে। কারও বিরুদ্ধে কোনো ট্যাগ বা তকমা লাগানোর আগে বাস্তবতা যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান তিনি, যাতে কোনো নিরপরাধ মানুষের জীবন ও ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত না হয়।