নারায়ণগঞ্জের ফতুল্লায় দৈনিক যুগান্তরের সাংবাদিক ও ফতুল্লা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন প্রধানের বাড়ির সামনে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় তাকে বাসা থেকে ডেকে বের করার চেষ্টা এবং যেখানেই পাওয়া যাবে সেখানেই হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন এই সাংবাদিক।
পরপর দুই দিন এমন আতঙ্কজনক ঘটনার পর নিজের ও পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে শনিবার (১৪ নভেম্বর) দুপুরে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আল আমিন প্রধান।
ভুক্তভোগী সাংবাদিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে ফতুল্লার সস্তাপুর গাবতলাস্থ মাজারের ভেতরে তার কার্যালয়ে একটি স্থানীয় বিষয় নিয়ে সালিশ বৈঠক চলছিল। ওই সময় মাসুমসহ কয়েকজন চিহ্নিত মাদক কারবারি সেখানে উপস্থিত হয়ে স্থানীয় এক বিএনপি নেতার নাম ভাঙিয়ে সালিশে উপস্থিত এক যুবককে জোরপূর্বক টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। সাংবাদিক আল আমিন প্রধান এতে বাধা দিলে তারা তার ওপর চড়াও হওয়ার চেষ্টা করেন। পরে উপস্থিত লোকজনের সহযোগিতায় পুলিশকে খবর দেওয়া হলে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
এই ঘটনার জের ধরেই শনিবার সকালে চিহ্নিত মাদক কারবারি মাসুমের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল দেশীয় ধারালো রামদা ও চাপাতি নিয়ে সাংবাদিক আল আমিনের বাড়ির নিচে অবস্থান নেয়। ওই সময় তিনি বাসায় ঘুমাচ্ছিলেন। স্থানীয় লোকজন মুঠোফোনে তাকে বিষয়টি জানান। কিছুক্ষণ সেখানে অবস্থান করে অভিযুক্তরা তার নাম ধরে চিৎকার করে এবং বাড়ি থেকে বেরিয়ে আসতে বলে। এ সময় তাকে যেখানেই পাওয়া যাবে সেখানেই হত্যা করা হবে—এমন হুমকি দিয়ে তারা চলে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, এ ঘটনায় থানায় সাংবাদিক আল আমিন প্রধান একটি সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।
সাংবাদিক আল আমিন প্রধানের ওপর ধারাবাহিক এই হামলার চেষ্টার ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজে তীব্র উদ্বেগ, নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, “এই ঘটনার তীব্র নিন্দা জানাই। নারায়ণগঞ্জের কোনো সাংবাদিকের ওপর যদি সামান্যতম আঁচড়ও পড়ে, তবে নারায়ণগঞ্জের সাংবাদিক মহল তা কোনোভাবেই মেনে নেবে না এবং বিন্দুমাত্র ছাড় দেবে না। আমি অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।”