নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মহানগর পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া গুরুতর অসুস্থ হয়ে বাসায় চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকের পরামর্শে বর্তমানে তারা দুজনেই বিশ্রামে থেকে চিকিৎসা নিচ্ছেন।
দলীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের একনিষ্ঠ কর্মী ঋষিকেশ মন্ডল মিঠু বর্তমানে ডেঙ্গু রোগে আক্রান্ত। অন্যদিকে, জিয়াউর রহমান জিয়া তীব্র জ্বর ও শরীর ব্যথায় ভুগছেন। অসুস্থ অবস্থায় তারা দুজনই নিজেদের আশু রোগমুক্তি ও সুস্থতার জন্য দলীয় নেতাকর্মীসহ সমগ্র নারায়ণগঞ্জবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
দলীয় নেতাকর্মীরা জানান, রাজনীতিতে যখন কোনো লাভ-ক্ষতির হিসাব ছিল না, দল ক্ষমতায় আসবে কি না কিংবা প্রিয় নেতা জাকির খান কখনো ফিরবেন কি না—এমন ঘোর অনিশ্চয়তার মাঝেও তারা জীবন বাজি রেখে রাজপথে নেমেছিলেন। বিগত দেড় দশকেরও বেশি সময় ধরে তৎকালীন শাসকদলের হামলা, মামলা ও প্রশাসনের তীব্র চাপের মুখেও তাদের আপসহীন কণ্ঠ স্তব্ধ করা যায়নি।
নেতাকর্মীরা আরও স্মরণ করেন, বিএনপি নেতা জাকির খানের মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে আয়োজিত প্রতিটি বিক্ষোভ মিছিলে তারা ছিলেন সামনের সারিতে। পুলিশের টিয়ারশেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়া কিংবা গ্রেফতারের আতঙ্ক—কোনো কিছুকেই তোয়াক্কা না করে তারা সর্বদা ‘জাকির খান’ ব্যানারে সোচ্চার থেকেছেন।
এমন দুই ত্যাগী ও সাহসী নেতার অসুস্থতার খবরে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে গভীর উদ্বেগ বিরাজ করছে। তারা দলের এই দুই পরীক্ষিত নেতার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছেন।