শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দর বাজার পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খান। পরিদর্শনের পাশাপাশি তিনি পূজা কমিটির হাতে আর্থিক অনুদান তুলে দেন।
সোমবার (১৯ অক্টোবর) রাতে জাকির খান বন্দর বাজার পূজামণ্ডপে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নারায়ণগঞ্জ মহানগর শাখার সদস্যসচিব ঋষিকেশ মণ্ডল মিঠুসহ মন্দির কমিটি। এরপর জাকির খান মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।
পূজামণ্ডপ পরিদর্শনের পর এবং অনুদান হস্তান্তর শেষে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে জাকির খান বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। হাজার বছর ধরে আমরা সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের আনন্দে শরিক হয়ে আসছি। শারদীয় দুর্গোৎসব কেবল সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি আমাদের আবহমান বাংলার সার্বজনীন উৎসবের প্রতীক। কোনো অপশক্তি বা বৈষম্য যেন আমাদের এই পারস্পরিক ঐক্য ও সম্প্রীতিকে নষ্ট করতে না পারে, সেজন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। বিএনপি সব সময় প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আপনারা নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে আপনাদের উৎসব উদ্যাপন করুন, আমরা আপনাদের পাশে আছি।”
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি পারভেজ মল্লিক, সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শাহ্, অ্যাডভোকেট রাজীব মন্ডল, এবং জেলা ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক রাকিব হাসান রাজসহ পূজামণ্ডপের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।