মহা অষ্টমীতে পূজামণ্ডপে আসা দর্শনার্থীদের সেবা দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে জাগো হিন্দু পরিষদ। ধর্মীয় ও সামাজিক সংগঠন ‘জাগো হিন্দু পরিষদ’ রূপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জের সাওঘাট শ্রী শ্রী দুর্গা মণ্ডপে এই সেবাক্যাম্প চালু করা হয়।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে এ সেবাক্যাম্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
আয়োজকরা জানান, পূজামণ্ডপে আসা দর্শনার্থীদের, বিশেষ করে শিশুদের সার্বিক সুবিধার কথা মাথায় রেখে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সেবাক্যাম্পটির মাধ্যমে দর্শনার্থী ও শিশুদের মধ্যে শুকনো খাবার ও বিশুদ্ধ পানীয় জল বিতরণ করা হচ্ছে। পাশাপাশি যেকোনো জরুরি স্বাস্থ্য সমস্যা মোকাবিলায় প্রাথমিক চিকিৎসাসেবা (First Aid) দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
জাগো হিন্দু পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সুজন দাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সেবাক্যাম্পের উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “জাগো হিন্দু পরিষদ একটি অরাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক সংগঠন। বর্তমান সময়ে যুবসমাজ যেভাবে মাদকের প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে, তা অত্যন্ত চিন্তার বিষয়। যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করে সামাজিক নানা কর্মকাণ্ডে যুক্ত করাই জাগো হিন্দু পরিষদের প্রধান লক্ষ্য। এ কারণেই প্রতিটি ধর্মীয় ও শুভ অনুষ্ঠানে আমরা এ ধরনের সেবামূলক কাজ পরিচালনা করি।”
তিনি যুবসমাজকে এ ধরনের ইতিবাচক ও সেবামূলক কাজে উৎসাহিত করতে সমাজের সব স্তরের মানুষের প্রতি আহ্বান জানান।
জাগো হিন্দু পরিষদ রূপগঞ্জ উপজেলার আহ্বায়ক সবুজ দাসের সভাপতিত্বে এবং সদস্য সচিব সজিব দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক জনি ভৌমিক।
এছাড়াও অনুষ্ঠানে সাওঘাট পশ্চিমপাড়া পূজা কমিটির সভাপতি কালিপদ দাস, সাধারণ সম্পাদক শরৎ চন্দ্র দাসসহ স্থানীয় অন্যান্য সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।