নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, নারায়ণগঞ্জ দেশের জিডিপিতে উল্লেখযোগ্য অবদান রাখে, তাই এটিকে ‘এ’ ক্যাটাগরি জেলায় উন্নীত করার জন্য বিশেষ অনুমতির প্রয়োজন এবং এ লক্ষে তারা কাজ করে যাচ্ছেন।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে শহরের চাঁদমারীতে চেম্বার ভবনে সংসদে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ) অধ্যাদেশ অনুমোদন হওয়ায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ব্যবসায়ী নেতারা জেলার পরিকল্পিত উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর মতো একটি শক্তিশালী অবকাঠামোগত প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।
ঢাকায় রাজউক যেভাবে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে, তেমনি নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষও জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে শিশুদের জন্য পর্যাপ্ত খেলার মাঠ নেই। অনেক সরকারি জমি অবৈধভাবে দখল হয়ে আছে। এসব জমি উদ্ধার করে শিশুদের জন্য খেলার স্থান ও উন্মুক্ত পরিবেশ তৈরিতে চেম্বার উদ্যোগী হবে।
তিনি আরও উল্লেখ করেন, বিগত সরকার নারায়ণগঞ্জে দুই-তিন তলার বেশি ভবন নির্মাণে বিধিনিষেধ আরোপ করেছিল এবং জেলার উন্নয়নের ক্ষেত্রে ঢাকাকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল। এর ফলে নারায়ণগঞ্জকে ‘বি’ ক্যাটাগরির জেলা হিসেবে রাখা হয়, যা জেলার জনগণের জন্য অসম্মানজনক।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র সহসভাপতি মোর্শেদ সারওয়ার সোহেল, সহসভাপতি আবু জাফর, পরিচালক আহমেদুর রহমান তনু, রিয়াজ চৌধুরী, তানিম তৌহিদসহ অন্যান্য ব্যবসায়ী নেতারা।