মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনা এবং নতুন কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন উপলক্ষ্যে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় এক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে ১৭নং ওয়ার্ডস্থ জিমখানা লেকপাড় সংলগ্ন পাইকপাড়া মাঠে ‘পাইকপাড়া দাফন কাফন কমিটি’র উদ্যোগে এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, বিজ্ঞ আইনজীবী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান।
প্রধান অতিথির বক্তব্যে এড. সাখাওয়াত হোসেন খান বলেন, “পরিবার থেকেই মানুষ প্রথম সুশিক্ষা ও নৈতিক শিক্ষা গ্রহণ করে। আজ পরিবার থেকে নৈতিক শিক্ষা না পাওয়ার কারণেই আমাদের যুবসমাজ বিপথগামী হয়ে দাঁড়িয়েছে। আলেম-ওলামাদের প্রতি অনুরোধ—আপনারা জুম্মার খুতবায় শুধু ধর্মীয় আলোচনাতেই সীমাবদ্ধ না থেকে পারিবারিক নৈতিক শিক্ষা নিয়ে জনগণকে বুঝাবেন। সমাজে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাবেন।”
তিনি প্রতিটি এলাকায় পঞ্চায়েত কমিটি গঠনের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে সমাজ পরিবর্তনের কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “যে পরিবারে একজন মাদকসেবী থাকে, সে পরিবারটি জাহান্নামে পরিণত হয়। সওয়াব অর্জনের অনেক ছোট ছোট মাধ্যম রয়েছে; যেমন রাস্তা থেকে একটি কলার খোসা তুলে নির্দিষ্ট স্থানে ফেললেও সওয়াব পাওয়া যায়। কিন্তু সমাজে কিছু লোক রয়েছে যারা কেবল মানুষের ক্ষতিতেই লিপ্ত থাকে।”
তিনি আরও যোগ করেন, “নামাজের দাওয়াত সবার কাছে পৌঁছে দিতে হবে। নামাজ মানুষকে ভালো হওয়ার সুযোগ করে দেয়। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে নবীওয়ালা কাজ করতে হবে। মাদক ও সন্ত্রাস নির্মূলে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। নারায়ণগঞ্জের নতুন এসপিকেও এ বিষয়ে বিশেষভাবে বলা হয়েছে। সমাজ থেকে মাদক ও সন্ত্রাস মুক্ত করতে নিজেদের ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
শিল্প ও বাণিজ্যের এই জেলার উন্নয়নে সরকারের নানা পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, “বিগত সরকারের জনপ্রতিনিধিদের চেয়ে আমাদের ভালো কিছু করে দেখাতে হবে। আধুনিক নগরায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনাসহ সার্বিক সহায়তার আশ্বাস রয়েছে।”
পাইকপাড়া দাফন কাফন কমিটির সভাপতি মো. মাসুদ রানার সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও পাইকপাড়া জামে মসজিদের সভাপতি আলহাজ্ব এস.কে ওয়াজেদ আলী বাবুল, পাইকপাড়া বড় জামে মসজিদের সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন মৃধা, পাইকপাড়া আপন ক্লাবের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মো. হেলাল উদ্দিন মিয়া, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. মুরাদ হোসেন বাদল, নারায়ণগঞ্জ আটা ময়দা মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. ইকবাল আলী, নারায়ণগঞ্জ জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ শহীদ, ডা. মো. মোস্তাফিজুর রহমান, ১৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ফারুক আহমেদ, এক্সিম ব্যাংক নিতাইগঞ্জ উপশাখার এভিপি ও ম্যানেজার মো. রোকন উদ্দিন আরমান, সিকদার মো. বাপ্পি চিশতী, মো. মিঠু ভূঁইয়া, মো. এহসান কবীর, আলহাজ্ব মো. আবুল কালাম আজাদ, আলহাজ্ব মো. জামাল উদ্দিন মৃধা, মো. তমিজ উদ্দিন সরদার, মো. আবু সাঈদ ভূঁইয়া, আলহাজ্ব মো. গিয়াস উদ্দিন রুবেল, মো. তাহের হোসেন এবং মো. সুলতান খানসহ এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবকবৃন্দ।
মিউচুয়াল ক্লাব পাইকপাড়ার সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মোবারক হোসেনের পরিচালনায় মাহফিলে প্রধান আলোচক হিসেবে ওয়াজ ও আখেরী মোনাজাত পরিচালনা করেন মাসদাইর নারায়ণগঞ্জ সিটি জামে মসজিদের খতিব এবং মিনহাজুল কোরআন ইসলামী একাডেমি ও মডেল হিফজ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরতুল আল্লামা মুফতি আলহাজ্ব হাফেজ মাওলানা মো. ইকরাম হোসাইন খান।
বিশেষ আলোচক হিসেবে তশরীফ আনেন পাইকপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হযরতুল আল্লামা হাফেজ মাওলানা মুফতি মুহাম্মদ মাহবুব আলম ছিদ্দিকী, আমহাট্টা জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি মুহাম্মদ নোমান মজুমদার এবং বাবুরাইল জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি মুহাম্মদ আমজাদ হোসাইন।
নূরানী এই মাহফিলের শেষভাগে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর মঙ্গল এবং দাফন-কাফন কমিটির সাফল্য কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।