বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দলের শীর্ষ ও সিনিয়র নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দুপুরে সচিবালয়ে দলীয় সিদ্ধান্ত নিশ্চিত করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতোমধ্যে দলীয় মহাসচিব, স্থায়ী কমিটির সদস্যপদ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন।
মির্জা ফখরুল ২০১১ সালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এবং ২০১৬ সালে দলীয় কাউন্সিলে আনুষ্ঠানিকভাবে মহাসচিব নির্বাচিত হন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবন্দিত্ব ও তারেক রহমানের নির্বাসনে থাকার পুরোটা সময় তিনি শক্ত হাতে দলের নেতৃত্ব দেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নানা প্রতিকূলতা ও রাজনৈতিক নির্যাতনের মুখে তাকে ছয়বার কারাবরণ করতে হয়। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মনোনয়নে নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৪ জুলাই পদত্যাগ করার পর বর্তমানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সাংবিধানিক নিয়ম অনুযায়ী শূন্য পদে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী, ১৩ আগস্ট বিকেল ৪টার মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট এবং একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইতিমধ্যে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের পক্ষ থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। তবে জাতীয় সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুলের জয় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। বিরোধী জোট প্রার্থী দেওয়ায় ১৯৯১ সালের পর দীর্ঘ ৩৫ বছর পর আবার সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছে।