শারদীয় দুর্গোৎসব সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবিরকে ফুলেল শুভেচ্ছা ও গভীর কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে ও সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন এবং মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা ও সাধারণ সম্পাদক সুশীল দাসের যৌথ নেতৃত্বে সংগঠনের শীর্ষ নেতারা জেলা প্রশাসকের সাথে দেখা করেন। উৎসব চলাকালে প্রশাসনিক সহযোগিতা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য তারা জেলা প্রশাসকের প্রতি বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম সানি।
দুর্গোৎসব চলাকালে শহরের বিভিন্ন পূজামণ্ডপ সশরীরে পরিদর্শন ও সার্বিক খোঁজখবর রাখায় জাসাস নেতা আনিসুল ইসলাম সানির প্রতিও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন পূজা উদযাপন পরিষদের নেতারা। এ সময় পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে তাঁকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।