নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় অবস্থিত ঐতিহ্যবাহী ‘শহীদ জিয়া হল’ ভেঙে সেখানে প্রায় ১২০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ১১ তলা বিশিষ্ট একটি অত্যাধুনিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে প্রস্তাবিত এই বহুতল ভবনের নান্দনিক স্থাপত্য নকশা ও ত্রিমাত্রিক (৩ডি) মডেল আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়।
নতুন এই বিশাল কমপ্লেক্সটিতে নগরবাসীর জন্য বিভিন্ন আন্তর্জাতিক মানের নাগরিক ও সাংস্কৃতিক সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে। ভবনের মাটির নিচে দুই তলা বেজমেন্ট জুড়ে থাকবে প্রায় ৫০০টি গাড়ি পার্কিংয়ের সুবিশাল ব্যবস্থা, যা শহরের যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া নতুন ভবনে আন্তর্জাতিক মানের নাট্যশালা, সমৃদ্ধ লাইব্রেরি, আধুনিক সেমিনার কক্ষ, আর্ট গ্যালারি, সামাজিক অনুষ্ঠানের জন্য কমিউনিটি সেন্টার এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের চর্চা ও মহড়ার জন্য বিশেষ কক্ষ থাকবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, গত সরকারের আমলে ঐতিহ্যবাহী এই জিয়া হলটি ভেঙে এখানে ‘হোমটাউন মার্কেট’ করার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু তারা এই স্থানটিকে নারায়ণগঞ্জের মানুষের জন্য একটি আধুনিক সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চান, যেন নাগরিকরা তাদের সাংস্কৃতিক ও সামাজিক চাহিদা যথাযথভাবে পূরণ করতে পারেন। প্রধানমন্ত্রী ইতিমধ্যে এই প্রকল্পটিকে অগ্রাধিকারমূলক প্রকল্প হিসেবে গ্রহণ করেছেন এবং স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে এর নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
উন্নয়ন কর্মকাণ্ডে সবার ঐক্যবদ্ধ সহযোগিতা চেয়ে নাসিক প্রশাসক আরও বলেন, নারায়ণগঞ্জের উন্নয়ন ও ভালো কাজের ক্ষেত্রে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়া হবে। ভুলত্রুটি থাকলে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়ে তিনি নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের সভাপতিত্বে আয়োজিত এই সুধী সমাবেশে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ নগর উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব, নাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুব উল আলম, প্রধান প্রকৌশলী আজগর হোসেন, জাসাসের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানি, মহানগর বিএনপির সিনিয়র সদস্য ডা. মজিবুর রহমান, যুবদল নেতা মনিরুল ইসলাম সজল, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মাওলানা মাঈনুদ্দিন আহমদ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি ও ভবানী শংকর এবং গণসংহতি আন্দোলনের তারিকুল সুজনসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, বৃহৎ পরিসরে পার্কিং সুবিধা এবং আধুনিক সব আয়োজন সমৃদ্ধ এই কমপ্লেক্সটি নির্মিত হলে তা নারায়ণগঞ্জ নগরবাসীর দৈনন্দিন প্রয়োজন মেটাতে এবং সাংস্কৃতিক অঙ্গনে এক নতুন দিগন্তের সূচনা করতে বিশেষ অবদান রাখবে।