নারায়ণগঞ্জের ২৮নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে খান আবদুল কাদির মাহবুব এবং ২৬নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে অ্যাডভোকেট রাজীব মন্ডল নির্বাচিত হয়েছেন। নতুন দায়িত্বপ্রাপ্ত দুই সভাপতিকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান।
বুধবার (০৪ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বার্তায় তিনি এই অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান বলেন, “২৮নং ও ২৬নং সরকারি প্রাথমিক বিদ্যালয় নারায়ণগঞ্জের দুটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। খান আবদুল কাদির মাহবুব এবং অ্যাডভোকেট রাজীব মন্ডল অত্যন্ত যোগ্য, দক্ষ ও সচেতন ব্যক্তিত্ব। তাদের এই নেতৃত্ব শিক্ষাপ্রতিষ্ঠান দুটির সার্বিক উন্নয়ন এবং শিক্ষার মান উন্নয়নে নতুন গতি সঞ্চার করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
তিনি আরও উল্লেখ করেন, প্রাথমিক শিক্ষা হচ্ছে একটি শিশুর ভবিষ্যৎ গঠনের মূল ভিত্তি। মানসম্মত ও যুগোপযোগী প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে ম্যানেজিং কমিটির ভূমিকা অপরিসীম। নবনির্বাচিত দুই সভাপতি তাদের প্রজ্ঞা, মেধা ও নিষ্ঠার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ নিশ্চিতকরণ, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষক-অভিভাবকদের মধ্যে সুষ্ঠু সমন্বয় রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।
বার্তা শেষাংশে মনির হোসেন খান নবনির্বাচিত সভাপতি খান আবদুল কাদির মাহবুব ও অ্যাডভোকেট রাজীব মন্ডলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং তাদের নতুন মেয়াদের সাফল্য ও উত্তরোত্তর উন্নতি কামনা করেন। সেই সাথে প্রতিষ্ঠানের সুনাম রক্ষায় স্থানীয় সর্বস্তরের জনগণকে তাদের পাশে থাকার আহ্বান জানান।