পোশাক শিল্পকে বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে আন্দোলনেরত শ্রমিকদের শান্ত থেকে নিজ নিজ কর্মস্থলে ফেরার উদাত্ত আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: মনির হোসেন খান।
মঙ্গলবার (০৩ নভেম্বর) রাতে গণমাধ্যমকর্মীদের দেওয়া এক প্রতিক্রিয়ায় পোশাক খাতের স্থিতিশীলতা বজায় রাখা এবং দেশের সার্বিক উৎপাদন ব্যবস্থা সচল রাখার স্বার্থে তিনি গার্মেন্টস শ্রমিকদের কাজে যোগ দেওয়ার অনুরোধ জানান।
প্রতিক্রিয়ায় মনির হোসেন খান বলেন, “আমাদের অর্থনীতির মূল ভিত্তিই হলো পোশাক খাত। কোনো ধরনের বিশৃঙ্খলা বা উসকানিতে কান না দিয়ে কারখানা চালু রাখা আমাদের সবার জাতীয় দায়িত্ব। শ্রমিকদের যেকোনো যুক্তিসঙ্গত দাবি ও সমস্যার কথা আমরা অনুধাবন করি, এবং শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমেই সেসব সমাধানের সুযোগ রয়েছে।”
তিনি আরও জোর দিয়ে বলেন, কারখানাগুলো চালু থাকলে একদিকে যেমন শ্রমিক ভাইবোনদের জীবিকা সুরক্ষিত থাকবে, অন্যদিকে দেশের অর্থনৈতিক গতিশীলতা বজায় থাকবে। শিল্পের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষা করা এবং কারখানার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে স্থানীয় নেতাকর্মীসহ সমাজের সর্বস্তরের মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য তিনি আহ্বান জানান।
পোশাক খাতের সাম্প্রতিক অসন্তোষ নিয়ে আশঙ্কা প্রকাশ করে বিএনপি নেতা মনির হোসেন খান দাবি করেন, “সাধারণ শ্রমিকদের এই আন্দোলনের পেছনে বিদায়ী ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও বিভিন্ন গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা সরাসরি ইন্ধন দিচ্ছে। এই দেশবিরোধী শক্তিগুলো দেশকে অস্থিতিশীল করতে হন্যে হয়ে লেগেছে এবং সাধারণ শ্রমিকদের ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে।”
তিনি শ্রমিক ভাইবোনদের পাশাপাশি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এসব বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার অনুরোধ জানান। একই সাথে দেশের শিল্প খাতকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত এসকল ফ্যাসিস্ট ও গুপ্ত চক্রান্তকারীদের দ্রুত খুঁজে বের করে গ্রেপ্তার ও কঠোর শাস্তির জোর দাবি জানান তিনি।