এবার ফতুল্লার মাসদাইরে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। পরে অতিরিক্ত পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইন সহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৩ মে) দিবাগত রাত ১ টার দিকে মাসদাইর গুদারাঘাট হাজীর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতার নারী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী সাব্বিরের স্ত্রী অন্তরা খাতুন। এ ঘটনায় আরও দুইজনকে আটক করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, সন্ত্রাসী কর্মকাণ্ডের খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশের একটি টিম মাসদাইর গুদারাঘাট হাজীর মাঠ এলাকায় যায়। এ সময়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী সাব্বির সহ তার বাহিনী পুলিশের ওপর হামলা করে। তারা ককটেল ছুড়ে এলাকায় আতংক সৃষ্টি করে। উপায় না পেয়ে পুলিশ পিছু হটে। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যায়। তারা সাব্বিরের বাসায় অভিযান চালালে পালিয়ে যায় সাব্বির। এ সময়ে সাব্বিরের বাসা থেকে প্রায় ১ হাজার ইয়াবা ও হেরোইন সহ সাব্বিরের স্ত্রীকে আটক করা হয়। এ ঘটনায় আরও দুইজনকে আটক করা হয়েছে।