কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত প্রতিবাদ সভা ও বিক্ষোভ কর্মসূচিতে শোডাউন করেছে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাব্বির আহাম্মেদ শহিদ এবং সাংগঠনিক সম্পাদক শিকদার বাপ্পীর নেতৃত্বে শত শত নেতাকর্মী ও সমর্থক সুসংগঠিতভাবে অংশ নেন।
বিকেলে শহরের প্রাণকেন্দ্র মণ্ডলপাড়া থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাব এলাকায় গিয়ে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে বাপ্পি চিশতি বলেন, “জনগণের মৌলিক অধিকার রক্ষা এবং যেকোনো অপশক্তি ও নৈরাজ্যের বিরুদ্ধে নারায়ণগঞ্জের রাজপথে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাওয়া হবে।”
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে এ ধরনের প্রতিবাদী কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।”
সমাবেশে দল ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।