ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দেশবাসীসহ নারায়ণগঞ্জ জেলা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: জাকির হোসেন সেন্টু।
শুক্রবার (৬ নভেম্বর) বিকালে গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে তিনি এই শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় জাকির হোসেন সেন্টু বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। এই দিনের মূল চেতনাকে ধারণ করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক মূল্যবোধকে আরও বেশি শাণিত ও শক্তিশালী করতে হবে। বর্তমান প্রেক্ষাপটে দেশের স্বার্থে সকল প্রকার ভেদাভেদ ভুলে জাতীয়তাবাদী শক্তিকে আরও সুসংহত ও ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকা স্মরণ করে তিনি আরও বলেন, স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা রক্ষা, সার্বভৌমত্ব সুদৃঢ়করণ এবং বাংলাদেশি জাতীয়তাবাদী চেতনার সফল বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর আদর্শ ও দেশপ্রেম আমাদের পথ দেখায়।
সবশেষে সেন্টু ৭ নভেম্বরের মহান চেতনা থেকে শিক্ষা গ্রহণ করে দেশের সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার, বাকস্বাধীনতা এবং সার্বিক সার্বভৌমত্ব রক্ষায় সর্বস্তরের নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। জাতীয়তাবাদী শক্তির ঐক্য ও সংহতিকে আরও সুদৃঢ় করে একটি সমৃদ্ধশালী দেশ ও জাতি গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।