ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: মনির হোসেন খান।
শুক্রবার (০৬ নভেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এই শ্রদ্ধা জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে মো: মনির হোসেন খান বলেন, “১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক ও অভূতপূর্ব ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বহুদলীয় গণতন্ত্র রক্ষাপ্রাপ্ত হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেদিন দেশের অত্যন্ত সংকটময় পরিস্থিতিতে চরম দূরদর্শিতা ও সাহসিকতার সাথে দেশের হাল ধরেছিলেন। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে দেশ একটি স্থিতিশীল, আত্মনির্ভরশীল ও মর্যাদাপূর্ণ জাতি হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল।”
তিনি আরও বলেন, “৭ই নভেম্বরের ঐতিহাসিক চেতনা আমাদের দেশপ্রেম, জাতীয় ঐক্য এবং গণতান্ত্রিক সংগ্রামকে সর্বদা বেগবান করার অনুপ্রেরণা জোগায়। শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন ও উন্নয়নমুখী আদর্শ আজও দেশের মানুষের হৃদয়ে চির অমলিন। বর্তমান প্রেক্ষাপটে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় তাঁর প্রদর্শিত পথ অনুসরণ করা অত্যন্ত জরুরি।”
প্রেস বিজ্ঞপ্তির শেষাংশে মহানগর বিএনপির এই শীর্ষ নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশবাসীকে ৭ই নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতীয় ঐক্যের মাধ্যমে দেশ ও সমাজ পুনর্গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।