বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে প্রথমবারের মতো উৎসবমুখর ও সম্পূর্ণ গণতান্ত্রিক পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা পরিষদের কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ভোট প্রদান শেষে সন্তুষ্টি প্রকাশ করে মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ বলেন, প্রতিষ্ঠার ৫১ বছর পর এই প্রথম নারায়ণগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচনে কোনো সিলেকশন বা বাছাই প্রক্রিয়া ছাড়াই সরাসরি ভোটের আয়োজন করা হয়েছে। প্রতিটি ভোটার অত্যন্ত আনন্দ ও স্বতঃস্ফূর্ততার সাথে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং নিজেদের পছন্দের প্রার্থীকে মূল্যায়ন করেছেন।
তিনি আরও আশা প্রকাশ করেন, নির্বাচিত নতুন নেতৃত্ব নারায়ণগঞ্জের সাধারণ ও দুস্থ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা এবং রেড ক্রিসেন্টের সুযোগ-সুবিধা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সম্পূর্ণ চাপমুক্ত ও গণতান্ত্রিক এই নির্বাচন প্রক্রিয়া আগামী দিনে বাংলাদেশের প্রতিটি সেক্টরে গণতন্ত্রকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।