আওয়ামী লীগের নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও যুবদল নেতা কেএম মাজহারুল ইসলাম জোসেফের নেতৃত্বে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এদিন শহরের মণ্ডলপাড়া এলাকায় একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেএম মাজহারুল ইসলাম জোসেফ বলেন, “আওয়ামী লীগ দেশে নতুন করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে, যা দেশের জনগণ চূড়ান্তভাবে প্রতিহত করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও যুবদল আজ অত্যন্ত সুসংগঠিত। বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে এবং সাধারণ মানুষ তাদের সাথে রয়েছে। পতিত স্বৈরাচার দেশের বাইরে থেকে টাকার লোভ দেখিয়ে দেশে অরাজক পরিস্থিতি তৈরির যে পাঁয়তারা করছে, বাংলার জনগণ তা কখনো মেনে নেবে না। যে কোনো রাষ্ট্রবিরোধী চক্রান্ত নস্যাৎ করার জন্য জাতীয়তাবাদী সৈনিকরাই যথেষ্ট।”
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি উল্লেখ করে তিনি জাতীয় ঐক্যের ওপর জোর দেন। তিনি বলেন, “বিরোধী রাজনৈতিক দলগুলোর গতিবিধি ও আচার-আচরণ বর্তমানে সন্দেহের সৃষ্টি করছে। আজ দেশের স্বার্থে ইস্পাতকঠিন ঐক্যের প্রয়োজন। বিএনপি, জামায়াত, এনসিপিসহ সব রাজনৈতিক দল যদি ঐক্যবদ্ধ না হয়, তবে ষড়যন্ত্রকারীরা সেই সুযোগ হাতছাড়া করবে না। তাই সব সংশয় ও বিভেদ ভুলে দেশের প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি।”
যুবদলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে জোসেফ আরও বলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদল যেকোনো ষড়যন্ত্র প্রতিরোধে সর্বদা প্রস্তুত রয়েছে। রাজপথে থেকে সব চক্রান্ত নস্যাৎ করে দেওয়া হবে।
কর্মসূচিতে যুবদল ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—আমির হোসেন, জুয়েল প্রধান, আক্তারুজ্জামান মৃধা, জুয়েল রানা, আতিকুর রহমান সবুজ, শফিকুল আলম মুক্ত, আলী নওষাদ তুষার, হাজী সাঈদ, শিকদার বাপ্পি, দুলাল হেসেন, নূর আলম খন্দকার, মাইনুল, রুবেল হোসেন, নূর প্রধান, লিটন, মনা, সুমন, কাজী সোহাগ, ফারুখ হোসেন, হানিফ, ইব্রাহিম বাবু, আল আমিন, আলফু প্রধান, সেলিম খন্দকার, সফর আলী ভূইয়া, সুফিয়ান, আল মামুন, মাহমুদুল হাসান মাসুম, ফয়সাল, রুবেল, সানি, জসিম ব্যাপারী, হারুন ও শান্ত প্রমুখ।