নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা ও মহানগর ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মাজহারুল ইসলাম জোসেফের মা এবং মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিবের আশু আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে নগরীর র্যালি বাগান এলাকায় নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়াপূর্ব এক সংক্ষিপ্ত আলোচনায় নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন তার আবেগঘন কণ্ঠে বলেন, “আমাদের প্রাণপ্রিয় বড় ভাই, সাবেক ছাত্রদলের সোনালী ফসল মাজহারুল ইসলাম জোসেফ ভাইয়ের মা বর্তমানে গুরুতর অসুস্থ। মা যখন অসুস্থ হন, সেই মায়ের কষ্ট ও যন্ত্রণা আমরা উপলব্ধি করতে পারি। দীর্ঘ ১৭ বছর আমরা যখন রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি, ঘরবাড়ি ছেড়ে গাছের ডালে কিংবা ফেরারী হয়ে লুকিয়ে দিন কাটিয়েছি—তখন আমাদের পাশে ছায়ার মতো পাহারা দিয়েছেন এই মায়েরা। তারা নিজেরা কষ্ট সহ্য করে আমাদেরকে সাহস ও প্রেরণা জুগিয়েছেন।”
তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, “বিপদের সময় বা মিছিলে লোক দরকার হলে নেতারা ফোন দিয়ে ঘুমাতো দিত না, কিন্তু আন্দোলন শেষের পর (৫ই আগস্টের পর) সেই ত্যাগী নেতাকর্মী ও তাদের পরিবারের খোঁজ আর অনেকেই রাখেন না। তা সত্ত্বেও আমরা বিএনপির সমস্ত ত্যাগী পরিবারের মায়েদের সুস্থতা কামনা করি, যেন তারা দীর্ঘায়ু লাভ করে সন্তানদের সুখ দেখে যেতে পারেন।”
একইসাথে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিবের অসুস্থতার কথা উল্লেখ করে জাকির হোসেন বলেন, “রাকিব ভাই সবসময় জনগণের পাশে থাকেন ও জনসেবা করে যান। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে আবারও জনগণের সেবা করার তৌফিক দান করেন।”
বক্তব্য শেষে উপস্থিত সকল ত্যাগী নেতাকর্মীদের মা-বাবা ও দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারক (নেওয়াজ) বিতরণ করা হয়।
দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ১৫নং ওয়ার্ড যুবদল নেতা আবির দেওয়ান, হোসেন কাজল, ১৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসিফ গাজী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ, ১৬নং ওয়ার্ড যুবদল নেতা শাহীন রানাসহ স্বেচ্ছাসেবক দল ও যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।