কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও লার্ভা নিধনে বিশেষ অভিযান পরিচালনা করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নগরের ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতাল (খানপুর) প্রাঙ্গণে ফগার মেশিনের মাধ্যমে মশার ওষুধ প্রয়োগ এবং এক সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়।
হাসপাতাল প্রাঙ্গণে কার্যক্রম পরিচালনা শেষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন, “হাসপাতালে সাধারণ মানুষ চিকিৎসা সেবা নিতে আসেন। তাই এই এলাকাটি সম্পূর্ণ ডেঙ্গু মশামুক্ত রাখা অত্যন্ত জরুরি। চিকিৎসার জন্য এসে কেউ যেন নতুন করে ডেঙ্গু আক্রান্ত না হন, সেই লক্ষ্যেই যুবদল এ কার্যক্রম হাতে নিয়েছে।” তিনি আরও বলেন, “নাগরিকদের নিজ নিজ ঘরবাড়ি ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সবাই সচেতন হলেই ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব।”
কর্মসূচিতে দলটির সদস্য সচিব শাহেদ আহমেদ জানান, মহানগরের ২৭টি ওয়ার্ডেই তাদের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি বলেন, “কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খানপুর হাসপাতাল ও এর আশপাশের সম্ভাব্য লার্ভা প্রজনন স্থানগুলো পরিষ্কার করা হচ্ছে। তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার, তা বাস্তবায়নে জনকল্যাণমূলক প্রতিটি কাজে যুবদল মাঠে থাকবে।”
মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের যৌথ নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, আব্দুর রহমান, সাইফুল আলম সজিব এবং আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, শহীদুল ইসলাম, ওয়াদুদ ভূইয়া সাগর, মিনহাজ মিঠু, সাইফুল ইসলাম আপন, শাহীন শরীফ, জুনায়েদ আলম ঝলক, ফয়সাল আহমেদ, আলী হোসেন সৌরভ, হাবিবুর রহমান মাসুদ ও আঃ কাদিরসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।