জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’ গঠন করা হয়েছে। নতুন গঠিত এই স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ্ব আবুল কালাম।
গত ৬ সেপ্টেম্বর জাতীয় সংসদে স্পিকারের সম্মতিক্রমে সংসদীয় এই কমিটি আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়। নবগঠিত খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুস সালাম পিন্টুকে। ৯ সদস্যবিশিষ্ট এই কমিটিতে পদাধিকারবলে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা।
কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল বারী, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক, পাবনা-৪ আসনের সংসদ সদস্য মো. আবু তালেব মন্ডল, গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিম, সংরক্ষিত মহিলা আসন-২৩-এর সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ এবং সংরক্ষিত মহিলা আসন-৪৩-এর সংসদ সদস্য শামছুন্নাহার বেগম।
সংসদীয় সূত্রে জানা গেছে, দেশের খাদ্য নিরাপত্তা জোরদার করা, খাদ্য ব্যবস্থাপনা মনিটরিং এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সার্বিক কর্মকাণ্ডে স্বচ্ছতা আনায় এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এদিকে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ্ব আবুল কালাম এই গুরুত্বপূর্ণ কমিটির সদস্য মনোনীত হওয়ায় তাকে স্থানীয় নেতাকর্মীরা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এলাকার উন্নয়ন ও জাতীয় পর্যায়ে খাদ্য খাতের সার্বিক অগ্রগতিতে তিনি অনন্য অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয়রা।