নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নান হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষ করে বুধবার (২ সেপ্টেম্বর) রাতে বাসায় ফেরার পরই তিনি শারীরিক অসুস্থতা অনুভব করেন।
সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী ও বিএনপি নেতা সেলিম হোসেন দিপু জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালা শেষে রাতে বাসায় ফেরার পর আজহারুল ইসলাম মান্নান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি বিবেচনায় তাত্ক্ষণিকভাবে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং জরুরি ভিত্তিতে ভর্তি করানো হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকের পরামর্শ ও নিরাপত্তার স্বার্থে আপাতত হাসপাতালে কোনো দর্শনার্থী বা নেতা-কর্মীকে তার সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে না।
এদিকে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের হঠাৎ অসুস্থতার খবরে তার নির্বাচনী এলাকা সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর উদ্বেগ ও দুশ্চিন্তা নেমে এসেছে। দলীয় নেতা-কর্মীরা তার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।