বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
শনিবার (২৯ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এই শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা ব্যক্ত করেন।
বিবৃতিতে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান স্বাধীন বাংলাদেশের সমৃদ্ধি ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে দলের প্রয়াত চেয়ারপার্সন ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক আন্দোলনে অপরিসীম অবদান ও ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
নাসিক প্রশাসক বলেন, “বিএনপি সর্বদাই দেশের সার্বভৌমত্ব, জনগণের অধিকার ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে কাজ করে এসেছে। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ে বেগম খালেদা জিয়ার আত্মত্যাগ এবং আমাদের বর্তমান নেতা, দলের চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশ আজ এক নতুন গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করেছে। তারেক রহমানের ইস্পাতকঠিন নেতৃত্ব ও নির্দেশনায় তৃণমূলের নেতাকর্মীরা প্রতিটি সংকটকালে রাজপথে ঐক্যবদ্ধ থেকেছে।”
তিনি আরও উল্লেখ করেন যে, অতীতে রাষ্ট্রপরিচালনায় বিএনপি যে অভূতপূর্ব অগ্রগতি ও যুগান্তকারী পদক্ষেপসমূহ গ্রহণ করেছিল, তার ফলেই বাংলাদেশ আধুনিক ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে শক্ত ভিতের ওপর দাঁড়িয়েছিল। শিক্ষা, কৃষি, অর্থনৈতিক সংস্কার এবং নারীর ক্ষমতায়নে বিএনপি সরকারের নেওয়া ঐতিহাসিক উদ্যোগগুলো দেশের উন্নয়নের ধারায় চিরস্মরণীয় হয়ে থাকবে।
পরিশেষে, সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সকল স্তরের নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ থেকে দেশ পুনর্গঠনে ও নাগরিক সেবা নিশ্চিতকরণে একযোগে কাজ করার আহ্বান জানান।