বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের পক্ষ থেকে দলীয় নেতা-কর্মী ও নারায়ণগঞ্জবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শাহ্ গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছা বার্তা জানান।
শুভেচ্ছা বার্তায় দেলোয়ার হোসেন শাহ্ বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া এমন এক রাজনৈতিক স্তম্ভ, যা এদেশের সাধারণ মানুষের অধিকার ও সার্বভৌমত্ব রক্ষার অন্যতম আশ্রয়স্থল। দীর্ঘ সংগ্রামের ইতিহাসে বিএনপি সর্বদাই এদেশের মানুষের ভোটাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করতে আপসহীন ভূমিকা পালন করেছে।”
বিবৃতিতে গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ সংগ্রামে দলের অবদানের কথা স্মরণ করে তিনি আরও বলেন, “এদেশের মানুষের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন-সংগ্রামে প্রয়াত দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিজের জীবনকে বাজি রেখে ত্যাগ স্বীকার করে গেছেন। তার অসীম সাহস ও আপসহীন নেতৃত্ব আমাদের চিরকাল প্রেরণা জোগাবে। একইভাবে বর্তমান দলের চেয়ারম্যান ও দেশের সফল প্রধানমন্ত্রী তারেক রহমানও কঠোর প্রতিকূলতার মুখে দাঁড়িয়ে এদেশের তরুণ ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় বলিষ্ঠ এবং দূরদর্শী নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।”
জাকির খানের পক্ষ থেকে দেলোয়ার হোসেন শাহ্ আগামী দিনে দেশ ও জনগণের কল্যাণে এবং গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে বিএনপির সকল স্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সাথে তিনি নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি, ছাত্রদল, যুবদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সর্বাঙ্গীন সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।